২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর দিবস পালিত হবে
চট্টগ্রাম বন্দরের ১১৭ বছর পূর্ণ হতে যাচ্ছে ২৫ এপ্রিল। দিনটিকে বন্দর দিবস হিসেবে পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
১৮৮৮ সালের ২৫ এপ্রিল ট্রাস্ট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম বন্দর। বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায়, বেঙ্গল পোর্ট কমিশনার্স অ্যাক্টের অধীনে ১৮৮৮ সালে বন্দর পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠিত হয়।
এরপর ১৯১০ সাল পর্যন্ত বঙ্গোপসাগর থেকে কর্ণফুলী নদীর ১১ মাইল অভ্যন্তরে চারটি জেটি স্থাপন করে ট্রাস্ট কর্তৃপক্ষ। ১৯১০ থেকে পোর্ট ট্রাস্ট এবং আসাম-বেঙ্গল রেলওয়ে যৌথভাবে বন্দর পরিচালনা করে।
১৯৬০ সালে গঠন করা হয় একক পোর্ট ট্রাস্ট। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয় এই বন্দর। ১৯৭৬ সালে গঠন করা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২০০৪ সালে দুই কোটি ১৮ লক্ষ ৭২ হাজার চার শ ৩২ মেট্রিক টন মালামাল ওঠানামা এবং ছয় লক্ষ ৮৮ হাজার সাত শ ৭১টি ইউ এস কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড স্থাপন করেছে এই বন্দর।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য ১৮শ কোটি টাকার স্বল্প ও দীর্ঘ মেয়াদী উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
