আমেরিকার মিয়ামি শহরে ২ সেপ্টেম্বর বসছে প্রবাসী বাঙালির মিলন মেলা
আমেরিকায় প্রবাসী বাঙালিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস্ ইন নর্থ আমেরিকা (ফোবানা) ২ সেপ্টেম্বর আয়োজন করছে তিনদিনের ফোবানা সম্মেলন। উদ্যোক্তারা আশা করছেন, ফ্লোরিডার মিয়ামি শহরে অনুষ্ঠেয় এই সম্মেলনে আমেরিকা ও কানাডা থেকে প্রায় ১৫ হাজার প্রবাসী বাঙালি অংশ নেবেন।
সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোবানার নেতারা এ সব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা সম্মেলনের আহ্বায়ক শামীম জি. খান। উপস্থিত ছিলেন সম্মেলনের আরেকজন উদ্যোক্তা আতিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালবাসা জোরালো করা এ সম্মেলনের মূল লক্ষ্য। ওই সম্মেলন পরিণত হবে দূরদেশে পাড়ি দেওয়া বাঙালিদের মিলন মেলায়।
এতে আরও জানানো হয়, ফোবানা সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক উৎসব, সেমিনার, চলচ্চিত্র, চিত্রাংকন, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এছাড়া এতে থাকছে বই, কুটির শিল্প, খাদ্যসহ নানা ধরনের মেলার আয়োজন।
