২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর শহীদদের স্মরণে নেই কোনও স্মৃতিসৌধ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নেই কোনও স্মৃতিসৌধ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানা যায়, সাত বছর আগে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে স্মৃতিসৌধ স্থাপনের উদ্দেশ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। কিন্তু এরপর কাজ আর এগোয়নি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বার বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েও কোনও সাড়া পাননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা প্রতিবছর বিজয় দিবসে শহীদদের স্মৃতির প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৭ সালের ১৩ নভেম্বর প্রয়াত স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্বরে স্মৃতিসৌধ স্থাপনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিগত আওয়ামী লীগ সরকার এ স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা ও ভিন্ন মতাদর্শী মহলের বাধার মুখে এর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্মৃতিসৌধ নির্মাণের বাজেট থেকে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার তৈরি করার ফলে বর্তমানে স্মৃতিসৌধ নির্মাণের প্রয়োজনীয় টাকা তহবিলে নেই। অন্যদিকে স্মৃতিসৌধ তৈরির স্থান নির্ধারণ নিয়েও কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।

মুক্তিযুদ্ধের এত বছর পরেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিসৌধ নির্মাণ না হওয়ায় শিক্ষকমন্ডলী ও বিদ্যার্থীদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা এবং ক্ষোভের সঞ্চার হয়েছে।

শিক্ষকদের বেশ কয়েকজন দুঃখ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে আজও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ স্থাপন করা হয়নি। এতে প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি লালনে আমাদের মাঝে যথেষ্ট উদ্যোগের অভাব রয়েছে।“