২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-যুবদল ক্যাডার কর্তৃক টঙ্গী পৌরসভা চেয়ারম্যানের অফিস ভাংচুর

আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম সরকারের ক্যাডার বাহিনী রোববার দুপুরে টঙ্গী পৌরসভা চেয়ারম্যনের অফিস ভাংচুর এবং তার ব্যবহৃত পাজেরো জিপটির ক্ষতিসাধন করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আহসানউল্লাহ মাস্টারকে হত্যার দায়ে আদালত শনিবার নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির আদেশ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নুরুল ইসলাম সরকারের ক্যাডার হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি এবং যুবদলের ২০-২৫ জনের একটি দল পৌরসভা চেয়ারম্যান এবং টঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমতউল্লাহকে আক্রমন করার জন্য পৌরসভা অফিসে চড়াও হয়।

সন্ত্রাসীদের আক্রমন ঠেকাতে চেষ্টা করলে পৌরসভার  কর্মচারী  আলতাফ হোসেনসহ অনেকেই আহত হয়।

এদিকে নুরুল ইসলাম সরকারের পরিবারের সদস্য এবং যুবদল ও বিএনপি কর্মীরা শিল্প নগরী টঙ্গীতে মিছিল বের করে। মিছিলকারীরা ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ পরে মিছিলকারীদের হটিয়ে দেয়।

এলাকায় বিরাজমান উত্তেজনার কারনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।