উত্তরাঞ্চলে জাল নোটের ছড়াছড়ি
উত্তরাঞ্চলের শহর, বন্দর ও গ্রামাঞ্চল জাল নোটে সয়লাব হয়ে গেছে। ব্যাংকগুলোতেও দেখা দিয়েছে আতঙ্ক। হাটবাজারে জাল ৫০০ ও ১০০ টাকার নোটের ব্যবসা এখন রমরমা। ফলে প্রতারিত হচ্ছে অনেকেই। গ্রামের কৃষকরা কৃষিপণ্য বিক্রি করে যে টাকা পাচ্ছে, তার অধিকাংশই জাল।
জালনোট ব্যবসায়ীদের প্রধান টার্গেট-লালমনির হাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, বগুড়ার শেরপুর, শিবগঞ্জ, আদমদীঘি,, নন্দীগ্রাম, গাইব্ন্ধাার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, নলডাঙ্গা, বামনডাঙ্গা, রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ, পাবনার আতাইকুলা, চাটমোহর, সিরাজগঞ্জের শাহজাদপুর. উল্লাপাড়া, তারাশ, রায়গঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর, ফুলবাড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নাটোরের বিভিন্ন হাটবাজার Ñবিশেষ করে ধান, চাল, তামাক ও গরুর হাট।
সংঘবদ্ধ এই চোরাচালানী চক্র ৫০০ ও ১০০ টাকার জাল নোট সীমান্তের ওপার থেকে বাংলাদেশে আনে।
সম্প্রতি এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখা, পূবালী ও উত্তরা ব্যাংকের দূর্গাপুর বাজার শাখা এবং শেরপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বিপুল পরিমান জাল নোট ধরা পড়ে।
শেরপুরে এ ব্যবসায় জড়িত দু’ব্যক্তিকে আটক করা হলেও মূল ব্যক্তি ধরা পড়েনি।
আধুনিক প্রযুক্তি প্রয়োগে সীমান্তের ওপারে তৈরি হচ্ছে ৫০০ ও ১০০ টাকার জাল নোট।
এনসিসি ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এতই সুক্ষ্মভাবে এসব নোট তৈরি হচ্ছে যে, কম্পিউটারেও তা ধরা পড়ছে না।
