মাদারীপুরে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণে শৈথিল্য
লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম দেশ। ৩৪ বছর আগে সংগঠিত এদেশের মুক্তিযুদ্ধে প্রায় সকল জেলার মানুষেরই কম-বেশি অবদান রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মাদারীপুরের মুক্তিযোদ্ধাদের অবদান কম নয়। কিন্তু দুঃখের বিষয় হলো- স্বাধীনতার পর ৩৪ বছর কেটে গেলেও মাদারীপুরে বীর শহীদদের স্মরণে নির্মাণ করা হয়নি কোনও স্মৃতিসৌধ।
মাদারীপুরে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ তৈরির জন্য বিভিন্ন সময় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কোনও কমিটিই দায়িত্ব পালনে আজ পর্যন্ত সফল হয়নি।
বিগত সরকারের আমলে ১৯৯৪ সালে মাদারীপুর পৌরসভা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য জোরালো পদক্ষেপ গ্রহন করে এবং তৎকালীন স্মৃতিসৌধ নির্মাণ কমিটি সৌধ তৈরির জন্য শকুলা লেকের পাড়ে জায়গা নির্বাচন করে। এসময় প্রকৌশলী মাহফুজুর রহমান একটি নকশাও তৈরি করেন। ১ লাখ টাকা ব্যয় করে নির্ধারিত স্থানের মাটিও পরীক্ষা করা হয়। পরে সরকার পরিবর্তনের ফলে স্মৃতিসৌধ নির্মাণের কাজ ধামাচাপা পড়ে যায়।
এছাড়া, মুক্তিযোদ্ধাদের অন্তর্দ্বন্দ্বের কারণেও নির্মাণের বিষয়টি পিছিয়ে যায়।
২০০২ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসন পুনরায় সৌধ নির্মাণের জন্য পুলিশ সুপারকে আহবায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। এই কমিটিও নির্মাণ কাজে শৈথিল্য প্রদর্শন করে। ফলে স্মৃতিসৌধ নির্মাণের কাজ লাল ফিতার বাঁধনে আবারও আটকা পড়ে যায়।
গণপূর্ত বিভাগের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী স্মৃতিসৌধ নির্মাণের জন্য ২০০২ সালে ১১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়।
২০০৩ সালের মাঝামাঝি সময়ে সৌধ নির্মাণের জন্য দরপত্র আহবানের সকল প্রক্রিয়া শেষ করে ঠিকাদারও নির্ধারণ করা হয়। কিন্তু স্থান নির্বাচনে দীর্ঘসূত্রিতা ও অনুমোদিত নকশা অনুযায়ী স্মৃতিসৌধের মুখ কোনদিকে হবে, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনও সিদ্ধান্ত না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করা আমাদের সকলেরই দায়িত্ব। মাদারীপুরের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জন্য কর্তৃপক্ষ সক্রিয় হবেন, যথোচিত পদক্ষেপ নেবেন এই আশা সকলের। অতিসত্বর এ গুরুদায়িত্ব সম্পন্ন করা উচিত।
