কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখবে ভারত
বিডিআরের আলোচনার প্রস্তাব উপেক্ষা করে জিরো লাইনের ১৫০ গজের মধ্যে ও বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ’র মহাপরিচালক জেনারেল শ্রী আরএস মুশাহরি বলেন, সীমান্ত পথে অবৈধ চলাচল বন্ধে গত ২০ বছর ধরে বেড়া দেয়ার প্রক্রিয়া চলছে।
বিডিআর সদরদপ্তরে আয়োজিত চারদিনব্যাপী বিডিআর-বিএসএফ সম্মেলন শেষে শনিবার তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারত জিরো লাইনের ১৫০ গজের বাইরে বেড়া তৈরি অব্যাহত রাখবে। এক্ষেত্রে বাজার বা উপাসনালয় বাধলে বিডিআরকে জানিয়ে বিষয়টি নির্ধারণ করা হবে।
তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ভারত যদি সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে চায় তবে কুটনৈতিকভাবে তা সমাধান করতে হবে।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। ভারত যদি জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কাটতারের বেড়া নির্মাণ করতে চায় তবে তাদের অবশ্যই কুটনৈতিক পর্যায়ে তা ঠিক করতে হবে।
বিডিআরের এক কর্মকর্তা জানান, যদিও সম্মেলনে বিডিআর ও বিএসএফ যৌথভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে তা সত্ত্বেও ভারত বেড়া নির্মাণের ব্যাপারে কুটনৈতিক পর্যায়ে আলোচনায় রাজি হয়নি।
