ক্রমবর্ধমান পানি দূষণ ভবিষ্যতে রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলবে: আলোচনা সভায় বক্তারা
ক্রমবর্ধমান পানি দূষণের ফলে অদূর ভবিষ্যতে রাজধানী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। দেশের অপ্রতুল পরিবেশ ব্যবস্থাপনার কারণে দেশের সম্ভাব্য খাবার পানির উৎসগুলো বন্ধ হয়ে যাবে।
পরিবেশ বিপর্যয়ের এমন আশংকা ব্যক্ত করে শনিবার বাংলাদেশ উন্নয়ন পরিষদের (বিইউপি) এক আলোচনা সভায় দেশের শীর্ষ কয়েকজন পরিবেশ বিশেষজ্ঞ বলেন, সরকার যদি পানি পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বাংলাদেশ বিশেষ করে ঢাকার জন্য দুর্যোগ বয়ে আনবে।
বক্তারা বলেন, দুর্বল ব্যবস্থাপনা, অপর্যাপ্ত গ্রাহক সেবা, সরবরাহকৃত পানির অপব্যবহারের কারণে আগামী কয়েক বছরের মধ্যে রাজধানীর পানি সরবরাহ সর্বনিু স্তরে নেমে যাবে।
বর্তমানে রাজধানীতে প্রতিদিন ১৯শ মিলিয়ন লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এই চাহিদার ৮০ শতাংশ পুরণে সক্ষম। আগামী ২০২০ সাল নাগাদ এই চাহিদা বেড়ে দাঁড়াবে ৩২০০ মিলিয়ন লিটার।
বিইউপি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কেবি সাজ্জাদুর রশিদ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির ওপর মূল প্রবন্ধ পাঠ করেন।
তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউপি’র চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। অন্যান্যের মধ্যে বুয়েটের শিক্ষক ও পরিবেশ বিশেষজ্ঞ ড. ফিরোজ আহমেদ এবং আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলোচনায় অংশ নেন।
