২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্ক ভিটা দুধের দাম শতকরা ৭ থেকে ১২ শতাংশ বৃদ্ধি

মিল্ক ভিটা দুধের দাম ৭ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক লিটার মিল্ক ভিটা এখন ২৬ টাকার পরিবর্তে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। আধা লিটার মিল্ক ভিটা বিক্রি হচ্ছে ১৪ টাকার পরিবর্তে ১৫ টাকায় এবং কোয়ার্টার লিটার মিল্ক ভিটা বিক্রি হচ্ছে ৮ টাকার পরিবর্তে ৯ টাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

যারা ইতোমধ্যে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের উৎপাদিত মিল্ক ভিটা দুধের ওপর অনেকটা নির্ভরশীল, তারা উচ্চ মূল্যের কারণে ক্ষোভ প্রকাশ করেছে।

রাজধানীর আরামবাগ এলাকায় মিল্ক ভিটা ক্রয় করতে আসা ব্যাংক কর্মকর্তা উম্মে কুলসুম আরা বেগম বলেন, এ বাড়তি মূল্য বহন করা সত্যিকার অর্থে আমার জন্য কষ্টকর,  গত দুই দশক ধরে আমার পরিবার এ পন্যটির ওপর নির্ভরশীল।

মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানায়, বাস্তবতার প্রেক্ষাপটে মিল্ক ভিটা দুধের দাম বাড়াতে হয়েছে। এর আগে ২০০০ সালের ১ সেপ্টেম্বর মিল্ক ভিটা দুধের দাম বৃদ্ধি করা হয়েছিল।

কোম্পানির উচ্চপদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, গত চার বছর আমরা ভোক্তাদের কাছে একই মূল্যে মিল্ক ভিটা সরবরাহ করেছি। কিন্তু কাঁচামাল, গ্যাস, বিদ্যুৎ এবং প্যাকেজিংসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছি।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী এবং শ্রীমঙ্গলে প্রতিদিন ১ লাখ ৫০ হাজার টন মিল্ক ভিটা সরবরাহ করা হয়।

১৯৭৩ সালে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেড যাত্রা শুরু করে। প্রায় ১ লাখ গোয়াল এ শিল্পের সাথে জড়িত আছে।

বাংলাদেশের দুগ্ধ বাজারে শতকরা ৭০ শতাংশ দখল করে আছে মিল্ক ভিটা।