২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি বিরোধ নিষ্পত্তিতে ফৌজদারি ও দেওয়ানি মামলার জন্য একই আদালত গঠণের নতুন আইন হচ্ছে

একই আদালতে ভূমি সংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা নিস্পত্তির জন্য সরকার নতুন করে ভূমি বিরোধ নিষ্পত্তি আইন প্রণয়ন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপি এক কর্মশালায় একথা জানানো হয়। আইন ও ভুমি মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এতে মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তাবিত ‘ভূমি বিরোধ ও অপরাধ নিষ্পত্তি বিষয়ক নতুন আইন, ২০০৫’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়।

আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

এসময় আইন সচিব, ভূমি সচিব, সলিসিটর, দেওয়ানি ও ফৌজদারি বিষয়ক আইনজীবীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী প্রচলিত আইনের সাথে সামঞ্জস্য রেখে এই নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মন্ত্রী কর্মশালায় প্রস্তাবিত আইন নিয়ে বিস্তারিত আলোচনা করার পরামর্শ দিয়ে বলেন, একই আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিস্পত্তির ক্ষেত্রে জনগণ যেন বিড়ম্বনার শিকার না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। নতুন আইন যেন জনগণের স্বার্থরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।

ভূমি মন্ত্রণালয়ের ভূমি বিরোধ সংক্রান্ত এ নতুন আইনের খসড়া পর্যলোচনা করতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে আইন মস্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

সাব-কমিটি দীর্ঘ পর্যালোচনা করে ১২ ধারা বিশিষ্ট একটি আইনের খসড়া তৈরি করে ।

কমিটির আহবায়ক কাজী হাবিবুল আওয়াল জানান, দেশের প্রচলিত ও বিশেষ আদালতে ভূমি সংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি মামলার চাপ বেশী। প্রচলিত আইনে ফৌজদারি মামলার রায় না হওয়া পর্যন্ত দেওয়ানি মামলায় অভিযোগ প্রমানিত হওয়ার পরও অভিযুক্তদের শাস্তি কার্যকর হয়না।

তিনি বলেন, এ জটিলতার কারনে দেওয়ানি ও ফৌজদারি মামলা আলাদাভাবে নিস্পত্তি ও দণ্ড কার্যকর করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিস্পত্তির জন্য বিশেষ কোন আদালত নেই। এক্ষেত্রে নতুন আইনের অধীনে ‘দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য একই আদালত’ গঠন করা হলে জনগণ দ্রুত প্রতিকার লাভ করবে।