নীলফামারী প্রধান ডাকঘরে একাউন্ট জালিয়াতি মামলায় অভিযুক্তরা পাঁচ দিনের রিমান্ডে
নীলফামারী প্রধান ডাকঘরের একাউন্ট জালিয়াতি মামলায় অভিযুক্ত সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু ও পোস্টাল অপারেটর লিয়াকত আলীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান তা মঞ্জুর করেন। তবে মামলার অন্যতম আসামী কাউন্টার অপারেটর তসলিম উদ্দিনকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
৫৪ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের দায়ে দায়ের করা প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি সোহরাব আলীর দাখিল করা দশ দিনের রিমান্ডের আবেদনের শুনানী হবে রোববার।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় দায়ের করা দুই কোটি টাকা আত্মসাতের দ্বিতীয় মামলাটির তদন্তভার ডিবিকে হস্তান্তর করা হচ্ছে।
হস্তান্তরের প্রক্রিয়া শেষে দু’এক দিনের মধ্যেই ডিবি মামলাটি তদন্ত শুরু করবে বলে জানা গেছে।
এদিকে ডাক বিভাগের রাজশাহী সার্কেল অফিস অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পদের চুড়ান্ত একটি তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। জেলা প্রশাসক প্রত্যেকটি ব্যাংকে অভিযুক্তদের একাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাদের সম্পদের তালিকা প্রণয়নের জন্যও কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
তদন্ত কার্যক্রম তদারকি করতে আসা বিভাগীয় অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল জাহাঙ্গীর আলম শনিবার জানিয়েছেন, সঞ্চয়পত্র ও সাধারণ একাউন্টের আরো ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনা উন্মোচিত হয়েছে। এ নিয়ে এই ডাকঘরে একাউন্ট জালিয়াতির মাধ্যমে সর্বমোট তিন কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়লো।
