সিরাজগঞ্জে অকাল বন্যায় ১০ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিগত কয়েকদিনে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী অঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিগত ১০ দিনে যমুনা নদীর পানি ৭৫ সেঃমিঃ বেড়ে যাওয়ায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং চরাঞ্চলের যমুনা তীরবর্তী স্থানে বোরোধান, কালাই ও বাদামসহ প্রায় ১০ হাজার হেক্টর আবাদি জমির ফসল অকাল বন্যায় তলিয়ে গেছে।
স্থানীয় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার হিসেব মানতে নারাজ। কৃষি উপ-পরিচালক আবুল হাসনাত বিডিনিউজকে বলেন, “যমুনার পানি আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় ৪/৫ হাজার একর পরিমান নিæচরাঞ্চলের জমির ফসল ডুবে যেতে পারে।”
তিনি বলেন, ”চরাঞ্চলের কৃষকেরা এমনিতেই নদীর বেসিনে, নীচু স্থানের পতিত জমিতে বোরো ধানের আবাদ করে থাকে। এ সমস্ত জমি প্রতি বছর আপনা-আপনি জেগে উঠে এবং বর্ষার সময় এসব জমির অধিকাংশ ডুবে যায়। তাছাড়া যমুনা নদীতে অসংখ্য চর জেগে উঠায় পানি সামান্য বাড়লেই দু’কুল প্লাবিত হয়।”
তবে কি পরিমাণ আবাদী জমি এ অকাল বন্যায় ডুবে গেছে তার সঠিক পরিসংখ্যান কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের কাছে নেই বরং ডুবে যাওয়া জমির যে পরিসংখ্যান কৃষি অধিদপ্তর থেকে দেওয়া হয় তা অনেকাংশেই কাল্পনিক ও মনগড়া।
সরজমিনে ঘুরে দেখা যায়, জেলার ক্ষতিগ্রস্ত অঞ্চলের বেশির ভাগ কৃষকই ঘরে ফসল তুলতে পারেননি। কিছু কিছু জমির ফসল কাটার উপযোগী হয়নি, কিছু কিছু জমিতে নতুন ধান বের হয়েছে কেবল। অনেকে আবার কাটা শুরু করতে না করতেই পানি হু হু করে বেড়ে তলিয়ে ফসল গেছে। সামান্য পরিমাণ ধান কাটতে পারলেও কালাই ও বাদাম পুরোপুরিই তলিয়ে গেছে।
সদর উপজেলার বোরো চাষী জয়নাল আবেদীন সেখ জানান, তার ১০ বিঘা জমির বোরো ধান তলিয়ে গেছে। কাজিপুর উপজেলার বেশ কয়েকজন চাষী জানান, তাদের প্রায় ১ হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে। তারা কোনও মতে এক চতুর্থাংশ ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন। বাকী অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে।
বিয়ারার চরের ছোটপিয়ারী গ্রামের কৃষক বেলাল হোসেন বলেন, “লো-ভোল্টেজ বা বিদ্যুৎ বিভ্রাট এবং সার ও ডিজেলের উচ্চ মূল্যের কারণে আমরা টানের জমিতে (উঁচু জমি) বোরো চাষে হিমমিম খাচ্ছি।”
তিনি আরও বলেন, ”আমাদের চরাঞ্চলের চাষীদের জমিগুলো তলিয়ে গেলো, কিন্তু দুঃখের বিষয় হলো কৃষি বিভাগের কেউ শান্তনা দিতেও আসল না।”
শাহজাদপুর উপজেলার বেশ কয়েকজন চাষী বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার ধানের চারা খুবই চড়া দামে কিনতে হয়েছে। ফলে বিঘা প্রতি প্রায় ৪০০-৭০০ টাকা বেশি খরচ হয়েছে। এখন বোরো ক্ষেত তলিয়ে যাওয়ায় আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
