২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় বনবিভাগ অবৈধভাবে নির্মাণাধীন ৭টি কার্গো ও ১৫ লাখ টাকার তক্তা আটক করেও ছেড়ে দিয়েছে

উপকূলীয় বনবিভাগ চট্টগ্রাম-এর স্পেশাল টিম কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ৭টি কার্গো বোট ও প্রায় ১৫ লাখ টাকা মূল্যের তক্তা (কাঠ) আটক করেও পরে ছেড়ে দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 05:33 PM

অভিযোগ পাওয়া গেছে যে, মঙ্গলবার ও বুধবার দু’দিন অভিযান কালে এই ৭টি কার্গো ও তক্তা উদ্ধার করা হলেও পরে ১০ লাখ টাকার বিনিময়ে তা ছেড়ে দেয়া হয়। অভিযান কালে দু’জন নির্মাণ শ্রমিককেও আটক করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, বনবিভাগের স্পেশাল টিম মহেশখালী  উপজেলায় অভিযান শেষে গত মঙ্গলবার থেকে কুতুবদিয়া দ্বীপে অভিযান শুরু করে। দু’দিন অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ৭টি কার্গো ও কার্গো বোট নির্মাণে ব্যবহৃত প্রায় ১৫ লাখ টাকা মূল্যের লম্বা তক্তা আটক করে। সে সময় কার্গো নির্মাণ কাজে নিয়োজিত দু’জন শ্রমিককেও আটক করা হয়।

আটককৃত কার্গোর মালিকরা হল সিরাজুল ইসলাম প্রকাশ গুরা বাইশ্যা, গিয়াস উদ্দিন, ফরিদ আহমদ, সামসুল আলম, আবু তাহের, দিল মোহাম্মদ ও কালু কোম্পানী। এদের সকলের বাড়ি কুতুবদিয়া এলাকায়।

সূত্র মতে, বনবিভাগের স্পেশাল টিমটি আটককৃত প্রতিটি কার্গো থেকে ১ লাখ টাকা ও আটককৃত লম্বা তক্তার জন্য ৩ লাখ টাকা সহ ১০ লাখ টাকা উৎকোচ গ্রহন করে তা ছেড়ে দেয়। ধৃত শ্রমিকদেরও তাৎক্ষনিকভাবে ছেড়ে দেওয়া হয়। জানা যায় একটি কার্গো বোট নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়।

এদিকে স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা টেলিফোনে বিডিনিউজকে জানান, তারা দু’দিনে মাত্র ৩টি বোট আটক করেছেন। তিনি শ্রমিক আটকের কথা অস্বীকার করে বলেন, কুতুবদিয়ায় বর্তমানে বৈধ-অবৈধভাবে ৩০/৩৫টি বোট তৈরি করা হচ্ছে । তবে কোনটি বৈধ কোনটি অবৈধ তা নিরুপন করা সময় সাপেক্ষ ব্যাপার। এ ব্যাপারে কুতুবদিয়া থানা পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছে না বলে তিনি জানান।

অপরদিকে স্থানীয় একটি সূত্র জানায়, নির্মাণাধীন বোট মালিকরা বোট নির্মাণের আগে বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তাকে প্রতিটি বোটের জন্য ২০ হাজার টাকা ও স্থানীয় থানা পুলিশকে ১০ হাজার টাকা দিয়ে অলিখিত বুকিং নিয়ে তাদের অবৈধ নির্মাণ কাজ চালায়।