২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডি: আরও ৭ টি লাশ উদ্ধার

সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টস ভবনে বৃহষ্পতিবার আরও ৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৩৯ টি লাশ উদ্ধার করা হলো। বৃহষ্পতিবার সেখানে ৪র্থ দিনের মতো উদ্ধার তৎপরতা চলেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঘটনার ৪ দিন পর সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের আরও ২ টি দল উদ্ধার কাজে যোগদান করেছে। এছাড়াও স্থানীয় দিনমজুররাও উদ্ধার কাজে অংশ নিচ্ছে। গতকাল দুপুরে  ৪ টি এবং সন্ধ্যায় আরো ৩ টি লাশ উদ্ধার করা হয়।   

গতকাল যে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের ৪ জনের পরিচয় পাওয়া গিয়েছে।  তারা হলেন, পাবনা জেলার চাটমোহরের আলেয়া বেগম (২৫), জামালপুরের নজরুল (২৫), চাপাইনবাবগঞ্জের আফজাল (২৪), এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের শাহেদ আলী (২৫) 

স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির অন্ততঃ আরো ২৩৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট অনেকের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোন জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও এখন   তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।

চারদিনের  খোঁজাখুজিতে ক্লান্ত স্বজনদের আহাজারি আর আর্তনাদ বৃহষ্পতিবার অনেকটা কমে গেছে। তবে তারা এখনও অধীর আগ্রহেই অপেক্ষা করছে যে কোন অবস্থায় তাদের স্বজনদের ফিরিয়ে নিতে।