২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাংলা নববর্ষে সমুদ্রে সৈকতে মানুষের ঢল

কক্সবাজারে নববর্ষ মানেই অন্যরকম এক আমেজ। তা বাংলা নববর্ষই হোক, কিংবা ইংরেজি নববর্ষই হোক। ১৪১২ বঙ্গাব্দ বরণেও ছিল অন্যরকম আমেজ। কক্সবাজারে অন্যান্য এলাকার চেয়ে ব্যতিক্রম যা হয় তা হল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকা বেলায় জমায়েত হয় হাজার হাজার মানুষ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে জমায়েত হয়েছিল প্রায় ৫০ হাজার মানুষ। কক্সবাজারের স্থানীয় নারী -পুরুষ, যুবক-যুবতীর পাশাপাশি এসেছিল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

কক্সবাজারের মানুষ যেন এদিনটির জন্যই সারাটি বছর অপেক্ষায় থাকে।

কক্সবাজারে নববর্ষ বরণ শুরু হয় সকালে শহীদ মিনার চত্বরে পান্তাভাত বিক্রি আর নববর্ষকে বরণের গান দিয়ে। কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচীর আয়োজন করেছিল। সারাদিন শহরের অলিতে গলিতে কিশোর কিশোরীরা রং ছিটিয়ে নববর্ষকে বরণ করেছে। লাল পাড়ের হলুদ শাড়ীতে সেজে কিশোরী যুবতীদের দেখা গেছে ফুল হাতে কোন প্রিয়জনের কাছে যেতে। এই দিনে বিকেলটা ছিল কেবলই প্রেমিক প্রেমিকাদের। যাদের মিলন মেলা বসেছিল সমুদ্র সৈকতের বালুকা বেলায়।

এছাড়াও জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র বর্ষবরণে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। এদিকে রামু উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে ৪দিন ব্যাপী ঐতিহ্যবাহী বলীখেলা ও  বৈশাখী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান এই মেলার উদ্বোধন করেন।