২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার বটমূল জমে উঠেছিলো সুর তালের ঝংকারে

বর্ষবরণ উৎসবের কেন্দ্রস্থল রমনা বটমূলের পরিবেশটা ছিল সুর তাল আর ঝংকারের। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষ খুব ভোরে এখানে হাজির হয়েছিল নতুন বছরকে স্বাগত জানাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বাঙালির ঐতিহ্যবাহী পোষাকেই সকলে এসেছিলেন। মহিলাদের পরনে ছিল শাড়ি আর পুরুষদের পরনে পাঞ্জাবি অথবা ফতুয়া। মহিলারা ঐতিহ্য অনুযায়ী মাটি ও কাঠের গহনাও পরেছিলেন। নানা বর্ণে বর্ণিত হয়েছিল ছায়ানটের অনুষ্ঠান প্রঙ্গন।

সূর্যের আলো ফোটার সাথে সাথেই হাজার হাজার নরনারী এসে ভীড় করে ছায়ানটের অনুষ্ঠানে। সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই দলীয় সঙ্গীত দিয়ে শুরু। ‘তুমি নব নব রুপে এস প্রাণে’- এ গানের পর একে একে দাদরা, কাহারবা, বৈতালিক, ষষ্ঠি, ঝাঁপ, একতাল, তেরড়া প্রভৃতি তালের একক ও দলীয় সঙ্গীত পরিবেশিত হতে থাকে। জয়ন্ত চট্টপাধ্যায় শান্তিনিকেতন থেকে ‘নববর্ষ’ কবিতাটি পাঠ করেন। আফরোজা বানু পাঠ করেন ‘নৈবেদ্য’ থেকে ‘ন্যায়দণ্ড’ এবং ‘দীক্ষা’।

ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় স্থান পায় ‘ আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’, ‘ওই পোহাইল তিমিরও রাতি’, ‘রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে’, ‘কোন কুসুমে তোমায় আমি’, , অম্বরো মেঘে মৃদঙ্গ বাজে’, ‘নতুন নতুন বাইন্ধো না গান’, মাঝিরে আজ ঝড় তুফানে’ ইত্যাদি।

অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই মানুষের ভিড়ও বাড়ছিল চোখে পড়ার মত। সকাল ৭টার মধ্যে অনুষ্ঠান প্রাঙ্গণে তিল ধরনের ঠাঁই ছিল না। মানুষ অনুষ্ঠান দেখার পাশাপাশি নিজেদের মধ্যে মজা করতেও ভোলেনি। কেউ কেউ আবার প্রিয়জনের সাথে দেখা করতে মোবাইন ফোন নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছিলেন। এক তরুণীকে বলতে শুনেছি,‘ আমার কাছে মোবাইল না থাকলে আমি আমার বন্ধুদের খুঁজে পেতাম না, দিনটাই মাটি হয়ে যেত।’ মোবাইলের কল্যাণেই বন্ধুদের খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে।

অনুষ্ঠান স্থলে নিরাপত্তা ব্যাবস্থা ছিল উল্লেখ করার মত। প্রতিটি কদম এগোলেই একজন করে পুলিশ রয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে জানান, অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় রমনা এলাকা জুড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা ছিলেন। অনুষ্ঠান স্থলে র‌্যাব সদস্যদের সতর্ক দৃষ্টি ছিল সবখানেই।

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ আতিউর রহমান অগ্নিবীনা চত্ত্বরে বিডিনিউজকে বলেন, নিরাপত্তা ব্যাবস্থা বেশ অঁটুট কিন্তু একটু বাড়াবাড়িই বলা চলে। তিনি আরও বলেন, সবকিছুর পরও আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ভুলিনি। আমাদের সব কিছুই যে হারিয়ে যায়নি তার প্রমান পাওয়া গেলো।

পরিবেশবিদ ড. রিয়াজ উদ্দিন বলেন, এটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। কিন্তু নিরাপত্তার নামে অনুষ্ঠানের সৌন্দর্যে অনেকখানিই হানি ঘটেছে। আমি মন করি স্বাভাবিকতা নষ্ট হচ্ছে।”

অনেক সাধারণ মানুষও একই ধরনের অভিযোগ করেছেন। বাড্ডা থেকে শামিমা নাসরীন তার পরিবারে সদস্যদের সাথে এসেছিলেন অনুষ্ঠান উপভোগ করতে। শামিমা বলেন, এই দিনটির জন্য আমরা দীর্ঘ একটি বছর অপেক্ষা করে থাকি। নিরাপত্তার হীনতার সমস্যা থাকে আবার এবারে বাড়াবাড়িও রয়েছে, কিন্তু এসব কিছুই আমাদের ঠেকাতে পারেনি।

শিশুরাও মেতেছিল আপন আনন্দে। তাদের মুখে আলপনাও লক্ষ্য করা গেছে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই দিনটিতে মানুষের মুখে আলপনা আঁকে সামান্য সম্মানির বিনিময়ে।

বেশ কিছু বিদেশিকেও নববর্ষের উৎসবে যোগ দিতে দেখা গেছে।  মার্কিন নাগরিক জেমি বলেন, এটা আসলেই বেশ আনন্দদায়ক। আমরা অনুষ্ঠানটি উপভোগ করছি।

বলিভিয়ান মেয়ে ইউনিস রমনায় ছায়ানটের অনুষ্ঠানস্থলে ঘুরে ঘুরে ছরি তুলছিলেন। তিনি বলেন, এটি আমার জন্য নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা। আমাদের দেশেও বেশ কিছু উৎসব হয় কিন্তু দুই তিন হাজারের বেশি লোক উপস্থিত হয় না। আমার বিশ্বাস এখানে বেশ কয়েক হাজার লোক সমাগম হয়েছে, যা সত্যিই আনন্দদায়ক।

অনুষ্ঠানস্থলে আসা এক মার্কিন তরুণী বলেন, আমাদের দেশেও ঘটা করে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। কিন্তু এটা আমার কাছে সত্যিই মজার একটা অভিজ্ঞতা। আমাদের রাস্তায় কিছু মেলা বসে, কিন্তু আমি কখনই এমনভাবে ডাব খাওয়ার সুযোগ পাব না।

আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছসেবীও ছিল।

প্রায় একশ’ ৬০ শিল্পী ও কলাকুশলী অনুষ্ঠানে অংশ নেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ রমনা বটমূলের সমগ্র অনুষ্ঠানটিই সরাসরি সম্প্রচার করে।

‘চ্যানেল আই’-এর ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিডিনিউজকে বলেন, আমরা গত তিন বছর ধরে এই অনুষ্টানটি সম্প্রচার করে আসছি এবং এক্ষেত্রে আমরা দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি।

তিনি আরও বলেন, বিদেশের দর্শকদের কাছ থেকেও আমরা সাড়া পেয়েছি। অনুষ্ঠান চলাকালে আমি আমেরিকা থেকে বেশ কয়েকটি ফোন কল পেয়েছি।