সাভার ট্রাজেডি: নতুন কোন মৃহদেহ বা জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, লিড
সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টস ভবনে বুধবার তৃতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চলেছে। তবে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২০ ঘন্টায় সেখান থেকে আর কোন মৃহদেহ বা জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির অন্তত: আরো ২৩৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট অনেকের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোন জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও গত দুদিন ধরে তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।
তিনদিনের খোঁজাখুজিতে ক্লান্তস্বজনদের আহাজারি আর আর্তনাদ বুধবার অনেকটা কমে গেছে। তবে তারা এখনও অধীর আগ্রহেই অপেক্ষা করছে যে কোন অবস্থায় তাদের স্বজনদের ফিরিয়ে নিতে।
ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও মালিক পক্ষের কোন লোকের খোঁজ পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনার শিকার হয়নি বা দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে যাওয়া প্রায় এক হাজার শ্রমিকের বেতন-ভাতা পাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।
এরই মধ্যে বুধবার মালিক পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শ্রমিকদের গত মাসের বেতনের ২০ লাখ টাকা ধ্বংসস্তুপের মাঝে পড়ে রয়েছে। মালিক পক্ষের এ বিজ্ঞপ্তির প্রচারের পর থেকে জীবিত শ্রমিকদের মধ্যেও বেতন-ভাতা পাওয়ার বিষয় নিয়ে শংকার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সর্বশেষ দুই জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৩ এ। তিন দিনে উদ্ধার করা হয়েছে আরও একশ আহত শ্রমিক। এর পর আর কোন লাশ বা জীবিত শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে মঙ্গলবার রাতে র্যাপিড একশন ব্যাটলিয়ন (র্যাব) সদস্যদের উদ্ধার তৎপরতা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে, সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ এবং শ্রমিকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
ধ্বংসস্তুপ সরানোর কাজে গতি খুবই মন্থর এবং শতকরা ৮০ ভাগ উদ্ধারকাজ এখনও বাকী বলে উদ্ধার কর্মীরা জানায়। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাজে খুব একটা অগ্রসর হতে পারছে না।
দুর্ঘটনার সময় ধ্বসে পড়া স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরিতে প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মরত ছিল। দেশের ইতিহাসে এ ভয়াবহ গার্মেন্টস দূর্ঘটনায় মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়।
