২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাকের ক্রেতারা স্থানীয় ফ্যাক্টরির মান নিয়ে উদ্বিগ্ন

তৈরি পোশাকের শীর্ষ ক্রেতারা বুধবার স্থানীয় ফ্যাক্টরিগুলোর মান সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন সাম্প্রতিক সময়ে সাভার ট্র্যাজেডির মতো ঘটনা দেশের তৈরি পোশাক রপ্তানিকে বাধাগ্রস্ত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এ ব্যাপারে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান ক্রেতা হেইনস ও মার্টিজ (এইচ এন্ড এম) ইন্টারন্যাশনালের প্রধান প্রতিনিধি পেলে কার্লসন বিডিনিউজকে বলেন, “ঘটনাটি বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য ভালো নয়।”

তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনার সম্পূর্ণ দায়দায়িত্ব মালিকের।

এইচ এন্ড এম সম্প্রতি হংকং থেকে কিছু অপারেশন ইউনিট ঢাকায় স্থানান্তর করেছে। কোটা উঠে যাবার পর বাংলাদেশ থেকে অধিক পরিমানে তৈরি পোশাক সরবরাহের লক্ষ্য নিয়েই তারা এসেছিল।

কার্লসন বলেন, “যদি এ ধরনের ঘটনা আরও ঘটে তাহলে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে।”

সাভারের গার্মেন্টস ফ্যাক্টরির ভবন ধসে কয়েকশ’ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “এ ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।”

বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম ক্রেতা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ালমার্ট গ্লোবাল প্রকিউরমেন্টও এ মর্মান্তিক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ দুর্ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বলে আখ্যা দিচ্ছেন।

ওয়ালমার্টের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, এ ধরনের দুর্ঘটনা যদি নির্মাণ কাজে ত্র“টির কারণে ঘটে থাকে তাহলে তা সত্যিকার অর্থেই উদ্বেগের বিষয়।

যুক্তরাষ্ট্রের আরেক শীর্ষস্থানীয় ক্রেতা জেসি পেনি’র এক কর্মকর্তা সাভারের দুর্ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি আরও বলেন তাদের সিঙ্গাপুর কার্যালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কোম্পানিটি তৈরি পোশাক শিল্পের ফ্যাক্টরির মান বজায় রাখা নিয়ে একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে এবং প্রত্যেক মালিককেই তা নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

বিদেশী ক্রেতাদের এই উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজেএমইএ) প্রেসিডেন্ট আনিসুল হক বলেন, “এরকম ঘটনায় বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন হবেন এটাই স্বাভাবিক। তাদের পাশাপাশি আমরা দেশী উদ্যোক্তারাও ভীষণ উদ্বিগ্ন।”

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ২০০৩-০৪ অর্থ বছরে আয় করে প্রায় ৫,৬৮৬ মিলিয়ন ডলার এবং ২০০২-০৩ অর্থ বছরে আয় করে প্রায় ৪,৯১২ মিলিয়ন ডলার।