২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

আগামী ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে মুজিবনগর দিবস উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।

আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মুুজিবনগর দিবস পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এএসএইচ কে সাদেক এমপি, মো. নাসিম এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান, নূহ-উল-আলম লেনিন, তালুকদার আব্দুল খালেক, খায়রুজ্জামান লিটন, মীর্জা সুলতান রাজা, মুন্নুজান সুফিয়ান, এসএম কামাল হোসেন প্রমুখ।

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেল ৩টায় পল্টন ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া মুুজিবনগরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পৌনে ১০টায় গার্ড অব অনার প্রদান এবং সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গনে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।