হাসপাতালে বিনা চিকিৎসায় ধুঁকছে এসিডদগ্ধ বিমলা
এসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ বিমলা আকতার এক সপ্তাহের বেশি সময় ধরে যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রকার বিনা চিকিৎসায় সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
দরিদ্র পিতা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে এনজিও ব্র্যাকের শরণাপন্ন হন। অন্যত্র চিকিৎসা নেওয়া এবং মামলা না করার অজুহাতে ব্র্যাক চিকিৎসা দিতে অপারগতা জানায়।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের হজরত আলীর পুত্র মেহের বাদশার সাথে বছর দেড়েক আগে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রাম কাঁকড়া ভাটিয়াপাড়ার আবু বক্কর সিদ্দিকের কন্যা বিমলা আক্তারের (১৬)। বিয়ের সময় বরকে নগদ ১৬ হাজার টাকা আর একটি বাইসাইকেল দেওয়া হয়।
গত কয়েক মাস ধরে মেহের বাদশা, তার মা সালেহা বেগম, ননদ জাহানারা ও জরিনা বাপের বাড়ি থেকে আরও ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য বিমলার ওপর নির্যাতন শুরু করে। গত ৪ এপ্রিল রাতে অমানবিকভাবে তাকে নির্যাতনের সময় পানি-পানি বলে সে চিৎকার করলে তার মূখে ঢেলে দেওয়া হয় এসিড।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কাউকে না জানিয়ে রাতের আঁধারে চিকিৎসার জন্য তিনি বিমলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
গত ১০ এপ্রিল রোববার বিমলাকে গ্রামে ফিরিয়ে আনা হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে গ্রামবাসীর সহায়তায় বিমলার অভিভাবকরা রোববার রাতে বিমলাকে আবার ডিমলা হাসপাতালে ভর্তি করিয়ে দিলেও ক্রমেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে।
জানা গেছে, প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের কারণে বিমলার পরিবার মামলাও করতে পারছেন না।
গত মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টুর সাথে ডিমলা সেটেলমেন্ট অফিসে এ ব্যাপারে কথা হয়। তিনি বলেন, চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি। এর চেয়ে বেশি আর কী করতে পারি?
মামলা করতে দিচ্ছেন না কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মীমাংসার কথা বলেছি। আমার এলাকার লোকজনকে তো আর মামলা-মোকদ্দমার দিকে ঠেলে দিতে পারি না।
