বিঝু: দূর পাহাড়ে অন্য এক বেদনার্ত চিত্র
পাহাড়ে যখন চলছে আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব বিঝু, তখন দূর্গম পাহাড়ে দেখা গেছে অন্য এক বেদনার চিত্র। অভাব আর রাজনৈতিক অস্থিরতার কারণে ম্লান হয়ে গেছে বিঝুর আনন্দ।
দূর পাহাড়ের হত দরিদ্র আদিবাসী পাহাড়িরা বলছেন, শান্তিচুক্তি সাক্ষর হয়েছে ঠিকই, কিন্তু চুক্তির সাত বছর পরও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি। পাহাড়ে রাজনৈতিক অস্থিরতা, খুন, জখম, অপহরণ, পাল্টা অপহরণ লেগেই আছে। চলছে শান্তিচুক্তির বিরোধিতার নামে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তক্ষয়ী সন্ত্রাস। নি:স্ব পাহাড়ি-বাঙালীদের শোষণ করে চাঁদা আদায়ের এক ঘৃণ্য রাজনীতি।
রাঙ্গামটি শহর থেকে কাপ্তাই লেক পেরিয়ে খর রোদের মধ্যে ইঞ্জিন বোটে কয়েক ঘন্টা যাত্রার পর পৌঁছানো যায় কথিত পর্যটন স্থান সুবলঙের শিলেকডাক পাহাড়ে। ছোট্ট একটি পাহাড় পুড়িয়ে ঝুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরণের চাষাবাদ) চাষের প্রস্তুতি নিয়েছেন ঝুপড়ি ঘরের বাসিন্দা নিরদা চাকমা (৩০)। কোলে এক রত্তি দুধের শিশু। জানালেন, ঝুমচাষি স্বামী মিহির চাকমা গেছেন চাষবাসের কাজে। আদি চাকমা ভাষায় বললেন, ‘আমরা গরিব নিরক্ষর মানুষ। আমাদের আবার বিঝু-টিঝু কি?’
শান্তিুচুক্তি সম্পর্কে তার ধারণা জানতে চাইলে নিরদা বলেন, ‘শুনেছি চুক্তি হয়েছে, কিন্তু সরকার পাহাড়িদের কাছে ক্ষমতা দেয়নি। তাই এখনও আমাদের দু:খ আর অভাব।’
তিনি বলেন, আগে নিরাপত্তা বাহিনী আর সাবেক গেরিলা গ্র“প শান্তি বাহিনীর বন্দুক যুদ্ধ লেগেই ছিল। কিন্তু এখন শুরু হয়েছে নতুন উৎপাত।
তিনি বলেন, স্বামীর কাছে শুনেছি সুবলঙের পাহাড় আর জঙ্গলের কর্তৃত্ব এখন অস্ত্র আর জলপাই পোষাকধারী গুন্ডা বাহিনীর (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ) কাছে। চুক্তি সমর্থক পাহাড়ি কি বাঙালি হলেই হলো। তারা (ইউপিডিএফ) অপহরণ করে নিয়ে যায়। এক লাখ কি ৫০ হাজার টাকার নীচে কারো মুক্তি হয় না।’
কাপ্তাই লেকের আরও উজানে বরকল উপজেলার সুবলঙ ইউনিয়ন পরিষদ অফিসে বসে কথা হয় স্থানীয় কয়েকজন পাহাড়ি জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে। ইউপি চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমা চুক্তিবিরোধী ইউপিডিএফের ভয়ে ঘরবাড়ি ছাড়া। বললেন, ‘যেখানে আমার নিজের জীবনেরই নিরাপত্তা নেই, সেখানে সাধারণ পাহাড়িদের কি অবস্থা বুঝে দেখুন!’
তিনি জানান, সম্প্রতি বাঘাইছড়ি থেকে ইউপিডিএফের অস্ত্রধারীরা ছয়জন পাহাড়ি গ্রামবাসীকে অপরণ করে। অনেক দেন দরবারের পর এক লাখ টাকা করে মুক্তিপণের বিনিময়ে তিনজনের মুক্তি হয়েছে। বাকিরা সমঝোতারা ভিত্তিতে বিনা মুক্তিপণেই ঘরে ফিরেছে।
ইউপি চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বড় কর্তারা এখানে এসে অবস্থা জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, রাজনৈতিক বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে আমি বলতে পারবো। অন্যথায় আমার হাত-পা বাঁধা।’
একই ইউপির দুইবার নির্বাচিত মহিলা সদস্য বনলতা চাকমা বলেন, ‘আমরা এক অকল্পনীয় অস্বাভাবিক জীবন কাটাচ্ছি। বিঝুর আনন্দ দূর্গম পাহাড় থেকে মুছে গেছে।’
তিনি বলেন, ‘আমার আদি বাড়ি নানিয়াচরের বরুনাছড়িতে অপহরণ, চাঁদাবাজি আর মুক্তিপণ আদায় লেগেই আছে। এরই প্রতিবাদে পাহাড়িরা ক্ষোভে দু:খে গতবছর বিঝু বর্জন করেছে। এরবারও তারা বিঝু বর্জন করতে বাধ্য হচ্ছে।’
স্থানীয় কাঠ ব্যবসায়ী তরুন জ্যোতি চাকমা বলেন, সন্ত্রাসীদের চাঁদাবাজিই এখন যেনো একমাত্র বৈধ পেশা। তাদের লক্ষ্য কোনো আদর্শের প্রতিষ্ঠা নয়।
কাপ্তাই লেকের আরও গহিনে ছবির মতো সাজানো গ্রাম মিটিঙ্গাছড়ি। কথা হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল চাকমার সঙ্গে।
তিনি বলেন, ‘বরাবরই আমি দেখে আসছি বাংলা নববর্ষের আগের দুদিনসহ মোট তিনদিন পাহাড়িরা ঐতিহ্যগত ভাবে বিঝু পালন করে। কিন্তু হত্যা, সন্ত্রাস আর চাঁদাবাজির কারণে এখন ঘরে ঘরে অভাব। শান্তিচুক্তির বাস্তবায়নও শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতায়। এ সব কারণে গত কয়েক বছর ধরে পাহাড়িরা বিঝুর প্রথম দিন (ফুল বিঝু) বাদ দিয়ে বাকি দুদিন (মূল বিঝিু ও গজ্যাপজ্যা) বিঝু করছে।’
অনীল মাস্টার বলেন, কোথাও বিঝুর আনন্দ নেই। সবখানে শুধু হাহাকার!
বিগত সরকারের সঙ্গে শান্তিচুক্তি সাক্ষরকারী আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাও বলেন একই কথা।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, ‘আমরা এখন এক শাসরুদ্ধ করা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি। সবখানে পরিকিল্পতভাবে চলছে পাহাড়িদের ধ্বংস করার ষড়যন্ত্র। চলছে সন্ত্রাস আর সাম্প্রদায়িকতা ছড়ানোর রাজনীতি।’
তিনি বলেন, তবু মৌলিক মানবাধিকার রক্ষায় পাহাড়িরা কোনো রকমে বিঝু পালন করছেন। রাঙ্গামাটি জেলা সদরে বিঝুর র্যালী উদ্বোধন সমাবেশে সোমবার সন্তু লারমা একথা বলেন।
