সাভারে মৃতের সংখ্যা ৩২, হাসপাতালে ৯৬, এখনো ১৮০ নিখোঁজ, ৪র্থ লিড
সাভারের বাইপাইলে বহুতল গার্মেন্টস ধ্বসের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার তৎপরতায় আরও ছয়টি লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবারের এ তৎপরতায় মৃত অবস্থায় উদ্ধারকৃতরা হচেছ সোহেল, রফিকুল, আলীম, মিলন, ইলিয়াস এবং অজ্ঞাত একজন। তাদের সবার বয়স ২৫। এ নিয়ে উদ্ধার কর্মীরা মোট ৩২ জনের লাশ উদ্ধার করলো।
উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত সকলের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচেছ নূরুজ্জামান, সোহেল, পলাশ ও মিজানুর রহমান সোহাগ। এদের সকলের বয়স ২৫ থেকে ৩০।
এ নিয়ে উদ্ধারকারীরা ৯৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারের বিভিন্ন ক্লিনিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেছে।
র্যাবের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, আরও অন্ততঃ ২০০ জন ধ্বংসস্তুপের ভেতরে রয়েছে। তারা কি অবস্থায় রয়েছে, তা কেউ জানেনা।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন এ ঘটনার জন্য জাতীয় শোক দিবস ঘোষণা ও হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানান।
র্যাব সূত্রে জানা যায়, তাদের নিয়ন্ত্রণ কক্ষে এ পর্যন্ত ১৮৩ জন কর্মীর নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছে।
নিখোঁজ কর্মীদের আত্মীয়-স্বজনরা সোমবার সকাল থেকে ধ্বংসস্তুপের চারদিকে অবস্থান করছে।
রোববার মধ্যরাতে বয়লার বিস্ফোরণে রাজউকের অনুমোদন ছাড়াই ত্র“টিপূর্ণ পদ্ধতিতে নির্মিত ভবনটি ধ্বসে পড়ে। দেশের ইতিহাসের জঘন্যতম এ গার্মেন্টস দূর্ঘটনায় মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়।
ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকার ওই গার্মেন্টসটিতে ঘটনার সময় প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মী কাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ভেতরে ও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর দেড় হাজার কর্মী তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তাদের সাথে কয়েক শ’ দিনমজুর কোদাল, কুড়াল ও হাতুড়ি নিয়ে উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।
তবে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে তাদের কাজে অগ্রগতি খুব সামান্যই হচ্ছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ মঙ্গলবার উদ্ধার কাজ পরিদর্শন করেন।
