বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা আগে সাভারের গার্মেন্টস ভবনে ভাঙনের পূর্ব লক্ষণ দেখা গিয়েছিল
মর্মান্তিক ঘটনাটি ঘটার বেশ কয়েক ঘন্টা আগেই ধ্বসে পড়ার বেশ কিছু আলামত পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত গত রোববার মধ্যরাতে সাভারের ওই নয়তলা সোয়েটার কারখানাটি ধ্বসে পড়ে। সরকারের বয়লারের প্রধান পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ এ কথা জানান।
প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া তথ্যে এক পরিদর্শকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন“ রোববার রাত ১০ টার দিকে ভবনটি সামান্য কেঁপে ওঠে। যার ফলে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ সময়ে ধ্বসে পড়ার আতঙ্কে কারখানার প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মচারি ভবনটি ত্যাগ করে।”
আবদুল্লাহ জানান, কারখানার অন্যান্য কর্মীরাও এ সময়ে ভবন ত্যাগ করতে চাইলেও কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয় নি। তিনি বলেন, “ওই সময়েই ভবনটি ফাকা করা হলে ক্ষতি এবং মৃতের সংখ্যা আরও কমানো সম্ভব হতো।”
আবদুল্লাহ বলেন, “মাটি পরীক্ষা ছাড়াই নিুমানের নির্মাণ সামগ্রি ব্যবহার করে ডোবার ওপর নির্মিত ভবনটিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থারও অভাব ছিল।”
প্রধান পরিদর্শক বলেন, “বয়লার বিস্ফোরণে কোনও ভবন এ ভাবে ধ্বংস হয় না।”
এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান শহীদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ভবনটি সঠিকভাবে ডিজাইন করা ছিল না। ওই ভবন নির্মাণের ব্যাপারে রাজউকের অনুমোদন ছিল না। ”
ইতোমধ্যে ভবন ধ্বসের কারণ উদ্ধার করতে সোমবার রাজউক কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রাজউকের একটি সূত্র জানায়, রাজউক সদস্য (পরিকল্পনা ও উন্নযন) এম. নাসির উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট এবং সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে।
