নেপালে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের অনুমতি পাচ্ছে জাতিসংঘ
নেপালের রাজা জ্ঞানেন্দ্রের সরকার সশস্ত্র বিদ্রোহ কবলিত হিমালয় রাজ্যে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষক দলকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানে রাজি হয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালে মানবাধিকার রক্ষায় কারিগরি সহায়তা বৃদ্ধিকল্পে জ্ঞানেন্দ্র সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চুক্তিটি দুবছরের জন্য বৈধ থাকবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালেই জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষক দল সর্বপ্রথম কাজ করার অনুমতি পেলো।
জেনেভাতে অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৬১তম বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও নরডিক রাষ্ট্রগুলো ক্রম অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নেপালে বিশেষ দূত প্রেরণের জন্য লবি করে।
পরিকল্পিতভাবে মৌলিক মানবাধিকার লংঘনের দায়ে নেপালের সরকারি নিরাপত্তা বাহিনী ও মাও বিদ্রোহীরা সারা বিশ্বে সমালোচিত। নেপালে মাও বিদ্রোহের কারণে গত নয় বছরে ১১ হাজার ৫০০ জন নিহত হয়।
জাতিসংঘের উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন রাজা জ্ঞানেন্দ্রের সরকার নেপালের সামরিক বাহিনীকে নির্বিচারে গ্রেফতারের ও আটকের কর্তৃত্ব আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
মানবাধিকার লংঘনের ঘটনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন নেপালে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে।
চুক্তিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষে লুই আরবার ও নেপালের পররাষ্ট্র মন্ত্রী রমেশ নাথ স্বাক্ষর করেন। চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হবে। চুক্তির আওতায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নেপালের পাঁচটি অঞ্চলে কার্যালয় স্থাপন করবে।
