২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ব্যাংক ৭ হাজার টাকা ঋণের জন্য ব্যয় করেছে ৩৮ হাজার ১৬৪ টাকা, তারপরও টাকা তুলতে পারেনি

অভয়নগর উপজেলার কৃষি ব্যাংক নোয়াপাড়া শাখা ঋণের ৭ হাজার টাকা আদায়ে ব্যয় করেছে ৩৮ হাজার ১ শ ৬৪ টাকা, তারপরও ঋণ আদায়ে ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ব্যাংক সূত্রে বলা হয়, সরখোলা গ্রামের আব্দুল হালিম ১৯৮৫ সালের ১৩ ফেব্র“য়ারি ৮৪ ডেসিমেল জমি মর্টগেজ রেখে কৃষি ব্যাংক, নোয়াপাড়া শাখা থেকে ৭ হাজার টাকা ঋণ নেয়। যতদূর জানা যায়, সে ঋণের মাত্র ৫ শ ২০ টাকা পরিশোধ করে।

ঋণখেলাপি হিসেবে তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে ওই ঋণের বিপরীতে ১ লাখ ৩৪ হাজার ২৬২ টাকা দাবি করে একটি মামলা (নং ৫২/৯৮) দায়ের করা হয়।

পরবর্তীতে প্রচলিত ঋণ সুদ মওকুফের নিয়মে ব্যাংক ওই ঋণ আদায়ের চেষ্টা চালায়। সে অনুযায়ী ৭ হাজার টাকার সমপরিমাণ সুদ ৭ হাজার টাকাসহ অতিরিক্ত ৩৮ হাজার ১৬৪ টাকা খরচ বাবদ প্রদান করতে ব্যাংক ঋণ-গ্রহীতা আব্দুল হালিমকে নির্দেশ দেয়। এই খরচের মধ্যে ৩৮ হাজার ১১৪ টাকা মোকদ্দমা এবং ৫০ টাকা নোটিশ খরচ বলে ব্যাংক দাবি করে।

আব্দুল হালিম বিডিনিউজকে জানায়, ব্যাংক তার কাছে ৫২ হাজার টাকার দাবি করে নোটিশ প্রদান করে। তা না হলে ব্যাংক তার মর্টগেজকৃত জমি বিক্রি করে দিবে বলে জানিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে বিলে ফসল না হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে পারেনি সে। নোয়াপাড়া শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার মাকসুদ আলম খন্দকার এ প্রসঙ্গে বলেন, আব্দুল হালিম কখনও আদালতে হাজির হননি, অথচ আমাদের নিয়মিত উকিলের খরচ ও পত্রিকার বিজ্ঞাপন খরচ বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে।

কৃষি ব্যাংকের ডিজিএম (যশোর) বিশ্বদেব মণ্ডল ব্যাপারটি সম্পর্কে অবগত আছেন বলে জানান।