সাভারের ধ্বংসস্তুপে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে, ১ম লিড
সাভারের বাইপাইলে বহুতল গার্মেন্টস ধ্বসের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার তৎপরতায় আরও দুটি লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবারের এ তৎপরতায় উদ্ধারকৃতরা হচেছ সোহেল ও আলীম। তাদের দুজনেরই বয়স ২৫।
এ নিয়ে ঘটনায় মোট ২৮ জনের লাশ উদ্ধার কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করলো।
উদ্ধারকারীরা তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তাদেরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচেছ নূরুজ্জামান, সোহেল ও মিজানুর রহমান পলাশ। এদের সকলের বয়স ২৫ বছর।
উদ্ধারকারীরা অন্ততঃ ৯২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারের বিভিন্ন ক্লিনিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) ঘটনাস্থলে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। নিয়ন্ত্রণ কক্ষে এ পর্যন্ত ১৭৫ জন কর্মীর নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছে।
নিখোঁজ কর্মীদের আত্মীয়-স্বজনরা সোমবার সকাল থেকে ধ্বংসস্তুপের চারদিকে অবস্থান করছে।
রোববার মধ্যরাতে বয়লার বিস্ফোরণে রাজউকের অনুমোদন ছাড়াই ত্র“টিপূর্ণ পদ্ধতিতে নির্মিত ভবনটি ধ্বসে পড়ে। দেশের ইতিহাসের জঘণ্যতম এ গার্মেন্টস দূর্ঘটনায় মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়।
ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকার ওই গার্মেন্টসটিতে ঘটনার সময় প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মী কাজ করছিল। তাদের অধিকাংশই ছিল নারী।
জানা যায়, এ সময় গার্মেন্টসের ছয় তলায় প্রায় ৩৫০ জন, তিন তলায় ৫০ জন ও এক তলায় প্রায় ১০০ জন শ্রমিক কাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ভেতরে ও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর দেড় হাজার কর্মী তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তাদের সাথে কয়েক শ’ দিনমজুর কোদাল, কুড়াল ও হাতুড়ি নিয়ে উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।
তবে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে তাদের কাজে অগ্রগতি খুব সামান্যই হচ্ছে।
