দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে রপ্তানী আয় বেড়েছে: বাণিজ্য মন্ত্রী
বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে প্রায় ১৮৭ শতাংশ রপ্তানী আয় বেড়েছে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় না হলে এ অর্জন সম্ভব হতো না।
মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশে চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থা ক্যাটালিস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা (এসএমই ফেয়ার) উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন: স্থানীয় সরকার ও আঞ্চলিক চেম্বারগুলোর ভূমিকা’।
এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। মূল নিবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব হাসনাত আব্দুল হাই। বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি এম কামাল উদ্দিন আহমেদ, ডিসিসিআই’র সাবেক সভাপতি এমএইচ রহমান, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, দাতা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ড. নাজমুল হোসেন এবং ক্যাটালিস্ট এর মহাব্যবস্থাপক প্রশান্ত রানা।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বহির্বিশ্বে পোশাক শিল্পে কোটা সুবিধা (এমএফএ) উঠে যাওয়ায় দেশের কোন শিল্প বন্ধ হয়নি, কোন শ্রমিক বেকার হয়নি। বরং দেশের রপ্তানী বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।
তিনি গত অর্থবছরের সাথে এ বছরের রপ্তানী আয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে রপ্তানী বাজারের সন্ধানে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পণ্য আমদানী করতে চায়। এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলটি গৃহিত হলে, সেটা বাংলাদেশের জন্য মঙ্গলময় হবে।
আলতাফ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ নয়; ভারত, চীন, পাকিস্তানসহ গোটা বিশ্বেই এবার প্রায় ১০ কোটি টন খাদ্য উৎপাদন কম হয়েছে। তাই উৎপাদিত পণ্যের সুষ্ঠু বন্টন নিশ্চিত করে দুর্যোগ মোকাবেলা করতে হবে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, এসএমইসহ বাণিজ্য খাতের পরিবেশ সৃষ্টিতে স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। চেম্বারগুলোর সাথে স্থানীয় সরকার একযোগে কাজ করলে দ্রুতই ব্যবসায় সফলতার অর্জন করা সম্ভব।
