লালমনিরহাটে শুল্ক আদায়ে রাজস্ব বোর্ডের নতুন আইন, স্থলবন্দর অচল
লালমনিরহাটের বুড়িমারি শুল্ক ষ্টেশনসহ হিলি ও সোনা মসজিদের তিনটি শুল্ক ষ্টেশনে জাতীয় রাজস্ব বোর্ড নতুন আইন চালু করায় ভারতীয় অংশে আমদানীকৃত শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
এ নতুন আইনে বলা হয়েছে, কোন পণ্যের এলসি করা হলে এর সমস্ত ট্যাক্স আগাম পরিশোধ করতে হবে। পূর্বে শুল্ক ষ্টেশনগুলোতে শুধুমাত্র অপেক্ষামান পণ্যের ট্যাক্স পরিশোধ করতে হতো।
কিন্তু আকস্মিকভাবে সোমবার নতুন আইন কার্যকরী করতে গেলে আমদানীকৃত পণ্য ছাড় করা হয়নি এবং ভারতীয় অংশে আটকা পড়ে থাকে। লালমনিরহাট বুড়িমারি শুল্ক ষ্টেশনে আমদানীকারক, সিএ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকদের মাঝে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। সোমবার বিকালে তারা কাষ্টমস কর্মকর্তাদের ঘেরাও করে পূর্বের নিয়মে পণ্য ছাড় দেয়ার দাবি জানায়।
রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নতুন নিয়মে কাষ্টমস কর্মকর্তাদের ৪৩টি কলামে ১টি নতুন রেজিষ্টার খুলতে বলা হয়েছে। রেজিষ্টারে উল্লেখ করা হয়েছে যে, চাল বা গমবাহী ট্রাক ১০ চাকার হলে বাধ্যতামূলক ৩২ টনের এবং ৬ চাকার হলে ২২ টনের ট্যাক্স পরিশোধ করতে হবে। ডালবাহী ট্রাক ১০ চাকার হলে ৪০ টনের ও ৬ চাকা হলে ২৮ টনের ট্যাক্স পরিশোধ করতে হবে। ভারতের নাসিরকুডা এলাকার ফল হলে ১৩ টনের ট্যাক্স বাধ্যতামূলক পরিশোধ করতে হবে।
এছাড়া, পূর্বে একসাথে বিল অব এন্ট্রি দাখিল করা হতো কিন্তু এখন থেকে রাজস্ব ফাঁকি রোধ করার জন্য প্রতিদিনের বিল অব এন্ট্রি প্রতিদিন দাখিল করতে হবে।
এ ব্যাপারে বুড়িমারি শুল্ক বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হাসান-উ-জামান হাসান জানান, হঠাৎ করে এ নতুন আইন চালু করায় পণ্য আমদানীতে জটিলতার সৃষ্টি হবে এবং অল্প পুঁজির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
এ নতুন আইন চালু সম্পর্কে বুড়িমারি শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আবিদ হোসেন ঢালী বলেন, এতে রাজস্ব ফাঁকি রোধ হবে এবং শুল্ক বিভাগে শৃংখলা ফিরে আসবে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ পাবে।
