ধর্ম পরিচয় গোপন রেখে বিয়ে করার অপরাধে রিপন দাস এখন শ্রীঘরে
ধর্ম পরিচয় গোপন রেখে এক মুসলিম মেয়েকে বিয়ে করার অপরাধে প্রেমিক স্বামী রিপন দাস (২৫) এখন শ্রীঘরে।
জানা যায়, সনাতন ধর্মের অনুসারী রিপন দাস একটি সেলুনে নরসুন্দরের কাজ করার সুবাদে রাজধানীর বাড্ডা এলাকায় বাস করতো। এক পর্যায়ে ওই এলাকার এক মুসলিম মেয়ের সাথে পরিচয়ের সুবাদে প্রেম বিনিময় হয়।
রিপন তার প্রেমিকার কাছে ধর্ম পরিচয় গোপন রেখে নিজেকে মুসলমান বলে দাবি করে। সে তার নামের সাথে দাস শব্দটি কখনও ব্যবহার করেনি।
দীর্ঘ দু’বছর প্রেমের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের প্রায় ৪ মাস পর রিপন স্ত্রীর সাথে কোনোরকম যোগাযোগ ছাড়াই গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের গোবিন্দপুরে চলে আসে।
এদিকে রিপনের স্ত্রী স্বামীর কোনও খোঁজ-খবর না পেয়ে গত ৯ এপ্রিল গোবিন্দপুর আসে। ঘটনা ফাঁস হয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে গত ১০ এপ্রিল রোববার এলাকায় শালিশ বসে। শালিশদাররা রিপন দাসকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে। এ নিয়ে বৈঠকে দুটি পক্ষের সৃষ্টি হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পক্ষ চায় রিপন ইসলাম ধর্ম গ্রহণ করুক, আরেক পক্ষ তা কিছুতেই চায় না।
উদ্ভুত পরিস্থিতিতে সোমবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ রিপনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর জেল-হাজতে পাঠায়।
রিপনের স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
