২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ডাকঘরে একাউন্ট জালিয়াতি: জামাই আদরে আছে গ্রেফতারকৃত ২ আসামী

জেলার প্রধান ডাকঘরে একাউন্ট জালিয়াতি মামলায় গ্রেফতারকৃত সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু নীলফামারী জেলা কারাগারে জামাই আদরে আছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 09:35 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এই দুই হাজতির দেখভাল নিয়ে গলদঘর্ম হচ্ছেন স্বয়ং জেলার থেকে শুরু করে সাধারণ কারারী পর্যন্ত। বিপুল পরিমান সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এই ভিআইপি আসামীদের সেবা করতে তাদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে ।

সংশিষ্ট সূত্র জানিয়েছে, থাকার ভালো স্থান, তিন বেলা ভালো খাবার এবং  দর্শনার্থীদের সাথে অবাধ সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে কয়েকজন কারারী প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

বিভাগীয় তদন্ত কমিটির একজন সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃহষ্পতিবার তাদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় হাতকড়া পড়ানো হয়নি। বিনিময়ে দশ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে।

কারাগারের খাদ্য সরবরাহকারী ঠিকাদার শাহনেওয়াজ খোকন তার বাড়ি থেকে মুন্না ও রাজুর জন্য তিন বেলা খাবার সংগ্রহ করছে বলে জানিয়েছে লালু মন্ডল নামে এক কারারী।

কারাগারের ভিআইপি প্রকোষ্ঠ বলে পরিচিত ১নং সেলের ম্যাট এবরার আলী জানিয়েছে, মুন্না ও রাজু তার অধীনেই আছে। জানা যায়, ২২ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ওই সেলে ৫০ জন হাজতি ও কয়েদি থাকে। অন্যদের গাদাগাদি করে থাকতে হলেও মুন্না ও রাজুর জন্য আয়েশে থাকার ব্যবস্থা করা হয়েছে।

কারাগারের কম্বলের বদলে তাদের দেয়া হয়েছে পরিপাটি বিছানা-বালিশ। একটি সূত্র জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে মুন্না-রাজুর ভালোমন্দ দেখাশোনা করছে রাজুর শ্যালক সিদ্দিক। সকাল থেকে সন্ধা পর্যন্ত সে জেলখানার সামনে অবস্থান করে জেল পুলিশের সকল আবদার পুরণ করতে ব্যস্ত সময় কাটাচ্ছে।

সূত্র জানায়, বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই সহকারী পোস্টমাস্টার মীর নূরুল ইসলাম মুন্না সেখানে পরিচিত হয়েছেন ‘হাজি সাহেব’ নামে। ম্যাট এবরার জানায়, সারাদিন ধরে তিনি অন্যান্য বন্দীদের ধর্মের কথা শুনান।

এদিকে তদন্ত কমিটির কাজে তেমন কোনও অগ্রগতি নেই। অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো বিভাগীয় ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। এ ঘটনায় নীলফামারী সদর থানায় দায়ের করা মামলার তদন্তও শুরু হয়নি।