সাভারে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ: ২৬ জনের লাশ উদ্ধার: অসংখ্য মৃত্যুর আশংকা, ৩য় লিড
সাভারের বাইপাইলে রোববার মধ্যরাতে বহুতল একটি গার্মেন্টসে বয়লার বিস্ফোরণের ফলে ভবনটি ধ্বসে পড়লে মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কর্মীরা ২৬ জনের লাশ উদ্ধার করেছে।
জানা যায়, ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এর কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকার ওই গার্মেন্টসটিতে ঘটনার সময় প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মী কাজ করছিল। তাদের অধিকাংশই ছিল নারী। বয়লার বিষ্ফোরণের সময় গার্মেন্টসের ছয় তলায় প্রায় ৩৫০জন, তিন তলায় ৫০জন ও এক তলায় প্রায় ১০০জন শ্রমিক কাজ করছিল।
ভবনের ভেতরে ও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর দেড় হাজার কর্মী তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তাদের সাথে কয়েক শ’ দিনমজুর কোদাল, কুড়াল ও হাতুড়ি নিয়ে উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া ধ্বংস¯তূপ পরিদর্শনে যান।
তবে ঢাকার উত্তর-পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দুরের ঘটনাস্থল থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে ঠিকমতো উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিয়ে পুলিশ ও দমকল কর্মকর্তারা জানান, রপ্তানীমুখী স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরিতে রাত আনুমানিক একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় গার্মেন্টসের কর্মীরা তাদের রাত্রিকালিন শিফটের কাজ করছিল।
বিডিনিউজের সাথে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া বলেন দুর্ঘটনাটিকে দেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘটনা হিসেবে চিহ্নিত করেন।
সোমবার ৭ টা পর্যন্ত উদ্ধার কর্মী ও স্থানীয় লোকজন ২৬ জনের লাশ উদ্ধার করেছে।
এদের মধ্যে ১৫ জন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে : কাদের (২২), নেসার (২৪), আব্দুর রাজ্জাক (২৫), কালাম (২২), রুবেল (২০), জহির (২৩), নজরুল (৩২), রফিক (৩০), মমতাজ (২৫), সাঈদ (৩০), রফিকুল (২৪), গফুর (৩০), তৌহিদুল (৩০), শহীদুল ও কায়েস।
ঘটনার সময় গার্মেন্টসটিতে দায়িত্বরত চারজন আনসারের সকলেরই মৃত্যুর আশংকা করা হচ্ছে। এরা হচ্ছে : শামসুল আলম, রমজান, আনোয়ার এবং সম্রাট আলম। তাদের সকলেরই বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে।
উদ্ধারকারীরা এ পর্যন্ত আহত অবস্থায় অন্ততঃ ১০০ জনকে উদ্ধার করেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
ভবনটির ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়া অনেক কর্মী সাহায্য চেয়ে চিৎকার করছিল। তাদের আর্তনাদ ও আহাজারি সত্বেও উদ্ধার কর্মীরা সরঞ্জামাদির অভাবে তাদের উদ্ধার করতে পারছে না।
ঘটনার পর থেকে শ্রমিকদের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন সেখানে ভিড় করে রয়েছে। তাদের কান্না ও আর্ত চিৎকারে ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠে।
বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের মহাপরিদর্শক এম হাদিসউদ্দিন, র্যাবের মহাপরিচালক আনোয়ারুল ইকবাল, দমকল বাহিনীর মহাপরিচালক রফিকুর রহমান এবং স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা উদ্ধার কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাভারের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই
মর্মান্তিক ঘটনার জন্য ভবনটির অপরিকল্পিত নির্মান কাজের সমালোচনা করেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের এবং অপরিকল্পিত ভবন নির্মানের শাস্তি দাবি করেন।
