শ্বশুড়বাড়ির সদস্যদের নির্যাতনে মৃত্যুর দিন গুনছে বিমলা
স্বামী, শ্বাশুড়ি আর ননদের অমানবিক নির্যাতনে যখন গৃহবধূ বিমলা ‘পানি-পানি’ বলে চিৎকার করছিলো, তখন পানির বদলে তার মুখে ঢেলে দেওয়া হলো এসিড।
এই মধ্যযুগীয় বর্বরতার শিকার বিমলা সঠিক চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের হজরত আলীর পুত্র মেহের বাদশা বছর দেড়েক আগে বিয়ে করে পার্শ্ববর্তী গ্রাম কাঁকড়া ভাটিয়াপাড়ার আবু বক্কর সিদ্দিকের কন্যা বিমলা আক্তারকে (১৬)। বিয়ের সময় তাকে দেওয়া হয় নগদ ১৬ হাজার টাকা আর একটি বাইসাইকেল। কিন্তু গত কয়েক মাস ধরে মেহের বাদশা, তার মা সালেহা বেগম, ননদ জাহানারা ও জরিনা বাড়ি থেকে আরো ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন শুরু করে। এরই এক পর্যায়ে গত ৪ এপ্রিল রাতে ঘটানো হয় এই অমানবিক ঘটনা।
মোটা অংকের টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগে যান। কাউকে না জানিয়ে রাতের আঁধারে বিমলার চিকিৎসার জন্য তিনি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
এই অবস্থায় রোববার বিমলাকে গ্রামে ফিরিয়ে আনা হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। গ্রাম জুড়ে তোলপাড় শুরু হলে জনরোষ থেকে বাঁচতে স্বামী মেহের বাদশা তার পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীর সহায়তায় বিমলার অভিভাবকরা রোববার রাতে বিমলাকে ডিমলা হাসপাতালে ভর্তি করালেও তার অবস্থার অবনতি ঘটছে।
বিমলা’র বাবা আবু বকর সিদ্দিক জানিয়েছে চেয়ারম্যানের ভয়ে তারা থানায় মামলা করতে পারছে না।
