২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে বরাদ্দকৃত অর্থের ১২০ মিলিয়ন ডলারই অব্যবহৃত: ওয়াশিংটন সবার চেয়ে পিছিয়ে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সন্ত্রাস দমনের জন্য বরাদ্দকৃত ১ শ ৪৫ মিলিয়ন ডলার পরিমাণ অর্থের বেশীরভাগ অংশই কাজে লাগাতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সন্ত্রাস দমন, হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি ও উদ্ধারকর্মীদের প্রতিরোধ ব্যবস্থার জন্য পৃষ্টপোষকতা প্রদানে মার্কিন কেন্দ্রীয় সরকার তিন বছর আগে একটি তহবিল গঠন করে।

২০০১ সালে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যে সব পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা আমলাতান্ত্রিক জটিলতার কারণে বেশি দূর এগোয় নি।

ওয়াশিংটনকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হলেও ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের  দেওয়া ১ শ ২০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ব্যবহার করতে পারেনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের মধ্যে ওয়াশিংটনের অবস্থান ছিল সর্বশেষ। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই তহবিলের ৮০ শতাংশ এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ওয়াশিংটনের জন্য ২ বছরের বরাদ্দকৃত ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার সময়সীমা জুনের ৩০ তারিখে শেষ হয়ে যাবে। ওয়াশিংটন ডিসি গভর্নমেন্ট বলেছে, কর্মকর্তারা তহবিল হারানোর আশংকায় হোমল্যান্ড সিকিউরিটির কাছে আরও ছয় মাস সময় চেয়েছে।

হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান রিপাবলিকান ক্রিস্টোফার কক্স বলেন, আগে অর্থ বিতরণ করে পরে পরিকল্পনা গ্রহণ করাটা ভুল পদক্ষেপ ছিল।

কক্স আইন প্রনয়ণের মাধ্যমে সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে হামলার সম্ভাব্য এলাকা বিভক্ত করে তহবিল ব্যবহার করার প্রস্তাব দেন। কক্স বলেন, বর্তমান ব্যবস্থায় সবচেয়ে নেতিবাচক দিকটি হল, দেশব্যাপী কোন পথে এ অর্থ ব্যয় করা হচ্ছে তার সঠিক মিল খুঁজে না পাওয়া। এ ধরনের অসংখ্য অসঙ্গতিমূলক উদাহরণ রয়েছে, যাদের মধ্যে একটি হলো সরকারি অপচয়।

স্টেট হোমল্যান্ড সিকিউরিটির গ্র্যান্ট প্রোগ্রামের আওতায় উদ্ধারকর্মীদের জন্য সর্বপ্রথম তহবিল গঠন করা হয়। জনসংখ্যা ঘনত্বের মাপকাঠিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ৫০টি মেট্রোপলিটন এলাকার জন্য তহবিল গঠন করা হয়। নিয়মতান্ত্রিক পন্থায় অধিক ঝুঁকিপূর্ণ এলাকা ডিস্ট্রিক্ট তহবিলের সিংহভাগ পাবে।

হতাহতদের সেবা শুশ্র“ষার জন্য হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা এবং জরুরি সাহায্যকর্মীদের জন্যও আলাদাভাবে অর্থ তহবিল গঠন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসন পুলিশ, অগ্নি ও মেডিকেল কর্মীদের জন্য প্রায় ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করে রেখেছে।

জরুরি সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে ওয়াশিংটনের অধিবাসীদের সতর্ক করতে সরবরাহ করা হয়েছে এক হাজার রেডিও। ডিজিস সার্ভিলেন্স নেটওয়ার্কের উন্নয়ন ঘটানো ও মাস্টার্স অব ডিজাস্টার প্রোগ্রামের মাধ্যমে স্কুলের শিশুদের দুর্যোগকালীন অবস্থায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে । 

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রস্তুতিমূলক কার্যালয়ের নির্বাহী পরিচালক ম্যাট ম্যায়ার বলেন, ফেডারেল সরকার, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে এক ধরণের নিষ্ক্রিয়তা থাকার কারণে ওয়াশিংটনকে কিছু প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার পর ওয়াশিংটন ৩২৪ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করে। এ তহবিলের ব্যাপারে দিক-নির্দেশনা ও বাধ্যবাধকতা কম ছিল। ওই তহবিল থেকে ব্যয়ের ক্ষেত্রে কর্মকর্তারা সমন্বয়ের চেয়ে দ্রুততাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট পত্রিকা এই তহবিল থেকে ব্যয়ের ক্ষেত্রে জটিলতা, অপচয় ও ভিন্ন খাতে ব্যয়ের মতো অনিয়ম আবিষ্কার করে একটি পর্যালোচনা করে।

যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকি মোকাবেলায় গত ২২ মাসে বরাদ্দকৃত তহবিলের ৬০ শতাংশ অর্থ ব্যয় হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর তহবিলটি থেকে অর্থ ছাড়ের প্রশাসনিক প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ে। তহবলটি  কেন্দ্রীয় এবং ফেডারেল প্রসাশনেও কয়েক মাসের জন্য আটকা পড়ে যায়।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, নিউইয়র্কের মতো রাজ্যগুলোর তুলনায় কম ঘনবসতিপূর্ণ রাজ্যগুলো মাথাপিছু বেশি পরিমাণে সাহায্য পেয়েছে। কম বরাদ্দপ্রাপ্তরা অভিযোগ করেছে যে, এই বরাদ্দ দিয়ে বড় ধরনের কোন হামলা মোকাবেলা করা সম্ভব নয়। সকল ক্ষেত্রে পরিকল্পনা এবং জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায়।