রংপুর অঞ্চলের ডাকঘরগুলোতে একাউন্ট জালিয়াতির নেপথ্যে
রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী ডাকঘরের সেভিংস একাউন্ট থেকে সম্প্রতি দুই কোটি টাকা আত্মসাতের ঘটনা ফাঁস হয়ে পড়লে টনক নড়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় রহস্য উম্মোচন করতে গিয়ে অনেক চমকপ্রদ তথ্য পাচ্ছে।
সূত্রমতে, জালিয়াত চক্রটির সেভিংস একাউন্ট আত্মসাতের ক্ষেত্রে প্রথম কৌশল ছিল পলিসি হোল্ডারদের মধ্যে যারা মারা গেছেন, তাদের তালিকা প্রস্তুত করে পরিবার সম্পর্কে খোঁজ খবর নেয়া। তারপর তাদের বিশেষ মনিটরিংয়ে রেখে একটা নির্ধারিত সময় পেরিয়ে গেলে তারা সেসব টাকা নিজেদের সেভিংস একাউন্টে আনুপাতিক হারে ভাগাভাগি করে নিতো।
সূত্রটি আরও জানায়, এমনও মৃত পলিসি হোল্ডার ছিল, যাদের টাকা জমা রাখার বিষয়টি পরিবারের কোনও সদস্যই জানতোনা। কিন্তু ডাকঘরের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা জানতো। সেক্ষেত্রে এই মৃত পলিসি হোল্ডারদের লাখ লাখ টাকা এই চক্রটি হাতিয়ে নেয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, অর্থ জালিয়াতির পুরো প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে অত্যন্ত কৌশলে চালানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মতে, রংপুর ডাকঘরের দুই কর্মকর্তা এই জালিয়াতির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। রংপুর অঞ্চলের প্রতিটি ডাকঘরে এই নেটওয়ার্ক বিস্তৃত। এদের মধ্যে কেউ কেউ সাধারণ পোস্টাল অপারেটর হয়েও বিলাসবহুল জীবন যাপন করে বলে তাদের ঘনিষ্ঠজনরা জানায়।
২০০২ সালে রংপুর প্রধান ডাকঘরের এক কোটি ২১ লাখ টাকার ব্যান্ডরোল জালিয়াতির ঘটনা প্রকাশ হওয়ার পর উল্লেখযোগ্য শাস্তি ও তদারকি না হওয়ায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওই সময় এই জালিয়াতির যে লক্ষণগুলো পাওয়া গিয়েছিল, সাম্প্রতিক জালিয়াতির সাথে তার মিল রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
