চোরাচালানকৃত নকল 'আনন্দ তুখা'য় উখিয়া ও টেকনাফ সয়লাব
ডায়াবেটিক রোগীদের জন্য মায়ানমার থেকে পাচার হয়ে আসছে নকল ‘আনন্দ তুখা’ নামের এক প্রকার হারবাল ট্যাবলেট। উখিয়া ও টেকনাফ এলাকার শত শত মানুষ এ ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ছে।
জানা গেছে, মায়ানমারের মংডু শহরের একটি কারখানায় এই নকল আনন্দ তুখা তৈরি করে টেকনাফ সীমান্ত দিয়ে পাচার করে সারাদেশে সরবরাহ করছে একটি চোরাচালান সিন্ডিকেট।
সূত্র জানায়, মিয়ানমারের রাজধানী ইয়ানগুনে এক যুগ আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান ডায়াবেটিক্স রোগের জন্য ‘আনন্দ তুখা’ নামের এক প্রকার হারবাল ট্যাবলেট তৈরি করে। ট্যাবলেটটি দ্রুত বাজার পায় এবং বাংলাদেশেও এর চাহিদা সৃষ্টি হয়।
চট্টগ্রামের মেসার্স সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্টান ওই কোম্পানির সঙ্গে চুক্তি করে টেকনাফ সীমান্ত দিয়ে ওষুধটির আমদানি শুরু করে। প্রতিষ্টানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট থেকে প্রয়োজনীয় সনদও জোগাড় করে।
কিন্তু অসাধু একটি চক্র এই সুনাম আর চাহিদাকে কাজে লাগিয়ে মায়ানমারের মংডু শহরে একটি কারখানা খুলে নকল আনন্দ তুখা তৈরি করছে এবং বিভিন্ন পণ্যের সঙ্গে লুকিয়ে বাংলাদেশে পাচার করছে। এতে লোকজন প্রতারিত হচ্ছে এবং নকল আনন্দ তুখা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
জানা গেছে, মায়ানমারের মংডু শহরের বাসিন্দা আমির সুলতান নামের এক ব্যক্তি এই নকল আনন্দ তুখা তৈরির মূল হোতা। চোরাইপথে এনে এই নকল আনন্দ তুখা টেকনাফে মজুত করা হয়। অতঃপর এখান থেকে নকল আনন্দ তুখা চট্টগ্রামের তামাকুন্ডি লেন ও রেয়াজ উদ্দিন বাজারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হয়।
দাম কম থাকায় সহজ-সরল ক্রেতারা নকল আনন্দ তুখাই কিনে, তাছাড়া লেবেল দেখে তাদের পক্ষে আসল-নকল নিরূপন কঠিন। আসল আনন্দ তুখার ১০০ ট্যাবলেটের একটি প্যাকেটের দাম ৭০ থেকে ৮০ টাকা। পক্ষান্তরে একই সংখ্যক নকল আনন্দ তুখার প্যাকেট বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকায়। সুনামের কারণে মানুষজন আনন্দ তুখা কিনে নিয়ে প্রতারনার শিকার হচ্ছে।
টেকনাফের একজন শুল্ক কর্মকর্তা বলেন, নকল আনন্দ তুখা পাচারের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। তিনি বলেন, নকল আনন্দ তুখা পাচার করার খবর তারা শুনেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারছেন না।
গত বছর বিডিআর ও পুলিশ টেকনাফ ও কক্সবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আনন্দ তুখা জব্দ করেছিল। এরপর কিছু দিনের জন্য নকল তুখা বিক্রি বন্ধ হলেও আবার তার বিপণন শুরু হয়েছে। বর্তমানে নকল তুখায় অত্র অঞ্চলের বাজার সয়লাব।
