শেরপুর ও মাদারিপুরে পাট বীজের তীব্র সংকট
শেরপুর ও মাদারিপুর জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। জেলাগুলোর বাজারে দেশী পাট বীজের সংকট দেখা দেয়ায় এই আশংকা দিয়েছে।
জেলা দুটিতে বিএডিসি পাট বীজের যে বরাদ্দ দিয়েছিল তা চাষীদের চাহিদা পুরণ করতে সক্ষম হয়নি। কৃষি বিভাগ সুত্র জানায়, জেলাগুলোর চাহিদার তুলনায় বিএডিসির সরবরাহ অপ্রতুল হওয়ায় বীজের সংকট দেখা দেয় যা ইতোপূর্বে এরকমভাবে দেখা দেয়নি।
বিএডিসি শেরপুরে দেশি ও তোষা পাটের বীজ বরাদ্দ করেছিল ১৩শ ৫০ কেজি, কিন্তু আরও চার টনের বাড়তি চাহিদা রয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অন্যদিকে বিএডিসি মাদারিপুরে বরাদ্দ করেছে মাত্র ২৫০ কেজি বীজ।
বীজের বাজারের এ অবস্থায় ডিলাররা ভারত থেকে নিুমানের পাট বীজ এনে বিক্রি করছে চড়া দামে। শেরপুরের বাজরগুলোতে ভারতীয় পাট বীজ ১০০ থেকে ১৫০ টাকা এবং স্থানীয় তোষা পাটের বীজ ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে; আর মাদারিপুরের বাজারে আমদানিকৃত পাট বীজ বৃষ্টির পূর্বে ১৩০ থেকে ২৫০ টাকা এবং বৃষ্টির পর ১৮০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানায়, গত বছর বৃষ্টির কারণে পাটের ফলন ভাল না হওয়ায় তারা বীজ সংগ্রহ করতে পারেনি।
