ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা: দৃষ্টি আকর্ষণ করছে অপ্রচলিত পণ্য
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০০৫ এ ঐহিহ্যবাহী পণ্যের সাথে নতুন যেসব বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হয়েছে তার প্রতিও মেলার দর্শকদের ঝোঁক বাড়ছে।
৪ এপ্রিল শুরু হওয়া ১২ দিনব্যাপী এ মেলা শেষ হবে ১৬ এপ্রিল।
একদিকে আকর্ষণীয় হস্তশিল্প, আসবাবপত্র, সিরামিক, টেক্সটাইল ও কসমেটিক্স এবং অন্যদিকে খেজুর রসের সিরাপ, মাশরুম, কৃত্রিম ফুল ও খাদ্য সামগ্রী মেলার আকর্ষন বাড়িয়ে তুলেছে।
খেজুর গাছকে বাঁচিয়ে রাখতে এবং দারিদ্র্য দূরীকরণের জন্য খেজুর রসের সিরাপ ও ভিনেগার বাজারে এনেছে বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (আরআইবি)।
আরআইবি’র পরিচালক কোরবান আলী বলেন, গুড়ের দাম কমে যাওয়ায় কৃষকরা তাদের পেশা পরিবর্তন করে ইটভাটায় কাঠ বিক্রি করছে। তাই খেজুর গাছকে বাঁচিয়ে রাখতে এবং দারিদ্র্য দূরীকরণের জন্য আরআইবি খেজুর রসের সিরাপ তৈরি শুরু করেছে।
মাগুরার কাজলিতে এ প্রকল্প শুরুর পর কৃষকদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। এ প্রকল্পে বর্তমানে দুইশ’র বেশি কৃষক কাজ করছে।
কোরবান আলী আরও বলেন, শুধু দেশে নয়, বিদেশেও এসব পণ্যের সাড়া পাওয়া গেছে। খেজুর রসের সিরাপ বর্তমানে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানি হচ্ছে।
মাশরুম উৎপাদনকারী ব্যবসায়ীরা বলেন, ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধের ক্ষমতা এবং প্রচুর আমিষ থাকা সত্ত্বেও যথাযথ মার্কেটিং সুবিধা না থাকার কারণে সাধারণ মানুষের মাঝে এখনও মাশরুম জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, এটি হালাল খাদ্য হওয়া সত্ত্বেও অনেকের মধ্যে এর সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। প্রায় ৩০০ ধরণের খাবার তৈরিতে মাশরুম ব্যবহার করা যায় বলে তিনি জানান।
তিনি বলেন, বর্তমানে প্রায় দুই হাজার উৎপাদনকারী মাশরুম উৎপাদন করছে। তবে ক্রেতার কাছ থেকে তারা সাড়া পাচ্ছেন না।
এদিকে থাইল্যাণ্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আসা মনিরুল আহসান কৃত্রিম ফুল তৈরির ব্যবসা শুরু করেছেন।
