মাদারীপুরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীরা উদ্ধার হয়নি : ঘাতক লঞ্চের ২ কর্মী আটক
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে শনিবার ডুবে যাওয়া ট্রলার ও এর নিখোঁজ যাত্রীদের রোববারও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজের জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজের দুই জন ডুবুরি রোববার প্রায় তিন ঘন্টা তৎপরতা চালিয়েও ট্রলারটির নিখোঁজ যাত্রীদের কাউকেই উদ্ধার করতে পারেনি।
তবে সকালে উদ্ধারকারী জাহাজের বিলম্বের কারনে স্থানীয় লোকজন ও প্রশাসনের অনুরোধে দীপরাজ-৪ নামে একটি জাহাজ ট্রলারটিকে উদ্ধারে চেষ্টা করে। তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এদিকে ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে মাত্র পাঁচ জনের নাম জানা গেছে। এরা হচ্ছে : কালকিনি উপজেলার উত্তর ছয়গাঁও এলাকার জরিতন বেগম ওরফে জরিনা (৩৫), তামান্না (৬), অনিতা (১৬), রেনু বেগম (৬০) ও সদর উপজেলার ছোগল পাতিয়া গ্রামের মানসুরা (৫)।
মানুসরার ষাটোর্ধ্ব বয়স্কা দাদী এ ঘটনায় বেঁচে যায় বলে জানা যায়।
তবে বেঁচে যাওয়া অপর যাত্রী মনির হোসেন বিডিনিউজকে জানায়, ঘটনার সময় ট্রলারটিতে অন্ততঃ ২০ থেকে ৩০ জন যাত্রী ছিল, যারা কোনভাবেই বের হতে পারেনি।
এদিকে থানা পুলিশ জানিয়েছে, ট্রলার ডুবির ঘটনায় পুলিশ ঘাতক লঞ্চটির দুইজন কর্মচারিকে আটক করেছে।
শনিবার তরিকা-২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
