২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ’র চাপ সত্বেও জ্বালানি তেলের দাম বাড়ছে না, জেট ফুয়েলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা

বিপিসি‘র প্রায় ২০০ কোটি টাকা মাসিক লোকসান এবং এ অর্থ বিপিসিকে ভর্তুকি হিসেবে দিতে আন্তর্জাতিক মুদ্রা তহলিলের (আইএমএফ) চাপ সত্বেও সরকার এ মুহুর্তে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। তবে রোববার থেকে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

৫ মাস আগে গত ডিসেম্বর মাসে জেট ফুয়েলের দাম ২৭ টাকা থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৫০ টাকা করা হয়েছিল। বর্তমানে এ দাম দাঁড়লো ৩৮ দশমিক ৫০ টাকা।

বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র সাথে সমঝোতার মাধ্যমে প্রণীত প্রাইসিং পলিসি অনুসরণ করে গত ৫ জানুয়ারি সর্বশেষ ডিজেলসহ অন্যান্য জ্বালানি দাম বৃদ্ধি করা হয়। এই পলিসি অনুসারে প্রতি ৬ মাস পরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেলে দেশীয় বাজারের জন্যেও এই দাম সমন্বয় করার কথা। সে নিয়ম অনুসারে আগামী জুন মাসের আগে আর দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা নয়।

তবে জেট ফুয়েলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার গত ২ বছর ধরে আন্তর্জাতিক বাজার দর অনুসরণ করে আসছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ৬৬ মার্কিন ডলার হওয়ার কারণে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে।

রোববার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৫৭ দশমিক ২৭ মার্কিন ডলার। তবে বাংলাদেশ সৌদী আবার থেকে যে অপরিশোধিত তেল কেনে তার জন্যে এখনো এ পরিমাণ দাম পরিশোধ করতে হয়নি। সর্বশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৌদিআরব থেকে ৫০ মার্কিন ডলার দামে তেল কিনেছে।

রাষ্ট্র -রাষ্ট্র চুক্তির আওতায় দীর্ঘদিন ধরে দেশের মোট চাহিদা ৩৮ লাখ (৩.৮ মিলিয়ন) মেট্রিক টনের মধ্যে ১৩ লাখ টন অপরিশোধিত তেল সৌদি আরব থেকে আমদানী করা হয়ে থাকে। বাকি চাহিদা মেটানোর জন্যে পরিশোধিত তেল আমদানী করা হয়।

প্রতি মাসের শুরুতে দুবাই-ওমানে অপরিশোধিত তেলের দাম গড় করে এর সাথে প্রিমিয়াম যোগ করে কিংবা একটি কমিশন দিয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম নির্ধারণ করা হয়ে থাকে। বিপিসি সূত্রে জানা গেছে, সৌদি সরকারের কাছ থেকে তারা সব সময় ১০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন ।

বাংলাদেশের মোট ৩৮ লাখ মেট্রিক টন চাহিদার মধ্যে সর্বোচ্চ চাহিদা ডিজেলের ২১ লাখ মেট্রিক টন। এরপর কেরোসিনের চাহিদার পরিমাণ সাড়ে ৬ লাখ টন, জেট ফুয়েল আড়াই লাখ টন, পেট্রোল সোয়া ২ লাখ টন এবং অকটেন ১ লাখ টন।  

বিপিসি সাধারণত আবুধাবি এবং কুয়েত থেকে পরিশোধিত তেল আমদানী করে থাকে। বর্তমানে ভারতীয় কোম্পানি ইন্ডিয়ান ওয়েল করপোরেশেন লিমিটেড (আইওসিএল) এর কাছ থেকে আমদানী করছে। গত অর্থ বছরে স্বাক্ষর করা দু‘বছর মেয়াদী একটি চুক্তির আওতায় কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) থেকে বিপিসি বার্ষিক ১৩ লাখ টন ডিজেল কিনছে। বাকিঁ ডিজেল সরকার কিনছে আইওসিএল থেকে। এই ডিজেল কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার দামে। নিয়ম হচ্ছে যে দিন এই ডিজেল সরবরাহের জন্যে বন্দরে জাহাজ বোঝাই হবে সে দিন থেকে উপসাগরীয় বাজারের ৫ দিনের দামের গড় করে এই দাম নির্ধারণ করা হয়। এর সাথে প্রিমিয়ার যোগ করে সরবরাহকৃত তেলের প্রকৃত দাম নির্ধারণ করা হয়।

প্রিমিয়াম হচ্ছে প্রতি ব্যারেল তেল পরিবহনে জাহাজ ভাড়া, বীমা, ওশানলস, এজেন্সি কশিন ও সার্ভিস ফ্রি যোগ ফল। বর্তমানে প্রতি ব্যারেল ডিজেলের জন্যে কেপিসি‘র প্রিমিয়ার হচ্ছে ৪ মার্কিন ডলার। আর আইওসিএল এর প্রিমিয়ার হচ্ছে ৩ দশমিক ৯০ মার্কিন ডলার।

জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বর্তমানে কেনা এবং বিক্রি দামের হিসাবে বিপিসি প্রতি মাসে লোকসান দিচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। সম্প্রতি আইএমএফ অর্থমন্ত্রণালয়কে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক পর্যায়ে নেয়া কিংবা বিপিসিকে লোকসানে দাম পরিশোধ করার পরামর্শ দিয়েছে। কিন্তু অর্থমন্ত্রণালয় তাতে সম্মত হয়নি।

এদিকে এমএমএফ মিশনের সাথে অর্থমন্ত্রীর বৈঠকের সময় সেখানে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি সেখানে জ্বালানি তেলের দাম আপাতত না বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরেন। এতে করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয় নিয়ে আইএমএফ গণমাধ্যমে সরাসরি কিছু না বললেও তাদের পরামর্শ থেকে সরে আসেনি বলে জানা গেছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ডিবিনিউজের সাথে আলাপকালে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বলেন, আপাতত দাম বাড়ছে না। প্রাইসিং পলিসি অনুসরণ করে ৬ মাস পর পর দাম রিভিউ করার নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।