ভ্যাপসা গরমে ঢাকার জনজীবন বিপন্ন : সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস
অসহ্য ও ভ্যাপসা গরমে রোববার রাজধানী ঢাকার স্বাভাবিক জনজীবন বিপন্ন হয়ে পড়ে। দিনের প্রায় পুরো সময়ই প্রচণ্ড রোদ ও গরম পড়ে।
অস্বস্তিকর গরম থেকে স্বস্তির শ্বাস ফেলতে নগরবাসীকে দিনভর ছুটতে হয় ছাঁয়ার পেছনে। রাস্তার পাশের ফলের ও শরবতের দোকানগুলোতে ছিল বেশ ভীড়। অনেককে দোকান থেকে পানি সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করতে দেখা যায়।
রাজধানীর বিভিন্ন স্থানে রিক্সাচালকদের গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে। এই অসহ্য গরমের মাঝে রাজধানীর ব্যস্ততম এলাকায় যানজটে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়।
তবে আবহাওয়া দপ্তর বলেছে, ঢাকায় দিনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের অন্য বেশকিছু এলাকার থেকে কম। ঢাকায় গত সপ্তাহের দু’একদিন এর তুলনায় তাপমাত্রা বেশি ছিল।
আবহাওয়াবিদদের মতে, আকাশে মেঘের আনাগোনা থাকায় এই ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে। তাদের মতে, দিনের এ তাপমাত্রা আগামী দিনেও অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়া দপ্তর থেকে ঢাকাসহ বেশকিছু এলাকায় অস্থায়ীভাবে কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি বা শিলা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ ঝড়ো হাওয়ার গতি থাকবে প্রায় ৬০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। এ ঝড়ো হাওয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাবে। কোথাও কোথাও এর মাত্রা আরও বাড়তে পারে বলে জানা যায়।
ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলা এলাকায়। এখানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। একই সময়ে রংপুরে সর্বনিু ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের ছয়টি বিভাগীয় শহরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৪ দশমিক ৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়াও ঢাকায় ৩৪ দশমিক ৫ ডিগ্রী, চট্টগ্রামে ৩২ দশমিক ৪ ডিগ্রী, খুলনা ও বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রী এবং সিলেটে সর্বনিু ২৮ দশমিক ৫ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়।
