বরিশালে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন ও ২ জনের সাত বছরের জেল
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে রোববার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সমুদারকাঠী গ্রামের চাঞ্চল্যকর রুহুল আমিন (৩০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড, দু’জনকে যাবজ্জীবন এবং আরও দু’জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচারক আব্দুল মতিন এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীর নাম খোকন বেপারী, যাবজ্জীবন প্রাপ্ত আসামী দু’ সহোদর মিজানুর রহমান বেপারী ও মিলন বেপারী এবং সাত বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন লিটন বেপারী ও তার পিতা কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোবাহান বেপারী। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোবাহান ব্যাপারী ছাড়া সকলেই পলাতক রয়েছে।
২০০৩ সালের ২০ নভেম্বর আসামীরা রুহুল আমিনকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করে বাড়ীর পাশের একটি নদীতে ফেলে দেয়। এব্যপারে নিহতের চাচাত ভাই আব্দুল মজিদ বেপারী বাদি হয়ে মামলা দায়ের করে। বিচারে মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।
