মহাপরিচালকের দুর্নীতি তদন্তকালে প্রকাশ হলো বৃহত্তর রংপুরে সঞ্চয়পত্রের টাকা লোপাটের কাহিনী
ডাক বিভাগের মহাপরিচালক এসএম আব্দুস সালামের বিরুদ্ধে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ অভিযোগ তদন্তকালেই বৃহত্তর রংপুরে সঞ্চয়পত্রের টাকা লোপাটের কাহিনী প্রকাশ হয়ে পড়েছে।
ঢাকায় সংঘটিত দুর্নীতি তদন্ত করতে গিয়ে মহাপরিচালকের সম্পৃক্ততা পাওয়া যায়। আর তার বিরুদ্ধে বিভাগীয় একটি তদন্ত কমিটির তদন্তকালে বেরিয়ে আসে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে ডাকঘর সঞ্চয়পত্রের অর্থ আত্মসাত ও অনিয়মের ঘটনা।
ডাক বিভাগের প্রধান কার্যালয়ে ভুয়া মঞ্জুরি ইস্যু, ভুয়া ভাউচার বানিয়ে টাকা উত্তোলন সহ বিভিন্ন অফিসারের সীল জাল করে তাদের নামে টিএ/ডিএ উঠানোর অভিযোগ তদন্তে ডাক মন্ত্রণালয়ের পরিচালক (ডাক) এবিএম খোরশেদ আলমের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
ডাক অধিদপ্তরের অভিযুক্ত হিসাব রক্ষন কর্মকর্তা কৃষ্ণ কুমার দাশগুপ্ত, ডিজির ব্যক্তিগত কর্মকর্তা ও স্টেনো গ্রাফার আমির হোসেন ও ক্যাশিয়ার আবুল কালাম এর অভিযোগ তদন্ত করতে গিয়ে তাদের স্বীকারোক্তিতে কমিটি ডাক বিভাগের মহাপরিচালক আব্দুস সালামের সংশ্লিস্ট থাকার প্রমান পায়।
এরপর তার আগের কর্মস্থল গুলোতে তদন্ত করতে গিয়ে তদন্ত কমিটি জানতে পারে এসএম আব্দুস সালাম বৃহত্তর রংপুরে পোষ্ট মাষ্টার জেনারেল (পিএমজি) থাকাকালে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে সঞ্চয়পত্রের অর্থ আত্মসাত ঘটনার শুরু।
এ ঘটনায় পাঁচ জেলায় ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে আট জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।
তদন্ত কমিটি দু’এক দিনের মধ্যেই রিপোর্ট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করবে বলে জানা গেছে।
তদন্তের সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাপরিচালক আব্দুস সালাম ডাক বিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে কর্মচারি দিয়ে ভুয়া বিল, ভাউচার ও অফিস ব্যয় খাতে অতিরিক্ত খরচ দেখিয়ে সরকারি রাজস্ব আত্মসাৎ করেন।
সরকারের উচ্চ পর্যায়ে প্রেরণের জন্য প্রস্তুত করা প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বর্তমান ডিজির কর্মকালে প্রতিটি দপ্তরেই অফিস ব্যয় অন্য যে কোন সময়ের চেয়ে দ্বিগুনেরও বেশি। কেন্দ্রীয় হিসাব রক্ষন শাখা থেকে তিনি প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ হাজার টাকা নগদ গ্রহন করেন। যা পরবর্তীতে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে সমন্বয় করা হয়।
মহাপরিচালক তার ব্যক্তিগত সহকারি আমির হোসেনের মাধ্যমে প্রতিমাসে অলিখিত ভাবে জিপিও ট্রেজারি থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিতেন।
তিনি রাজশাহীতে পিএমজি হিসেবে কর্মরত থাকা অবস্থায়ও অফিস খরচ বর্তমান পিএমজির থেকে দ্বিগুন ছিল। সে সময় বিভিন্ন পদে লোক নিয়োগে অনিয়মের দায়ে ২০০০ সালে তাকে ওএসডি করা হয়েছিল।
এ ছাড়া তিনি মহাপরিচালকের দায়িত্ব পালনকালে পোষ্টাল পরিদর্শক ও উপজেলা পোষ্টমাষ্টার পদে লোক নিয়োগের সময় তার ব্যক্তিগত সহকারি আমির হোসেনের মাধ্যমে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেন। এ ঘটনা জানাজানি হলে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মহাপরিচালকের সংশ্লিষ্টতা রয়েছে বলে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ডাক ভবন সহ বিভিন্ন স্থানে ডাক বিভাগের অর্থ আত্মসাতের ঘটনায় জনসাধারনের টাকার কোন ক্ষতি হয় নাই। এতে জনগনের বিভ্রন্তির কোন কারন নাই।
