কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে পৌর কমিশনার নিহত
কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে রোববার ভোরে খোকসা পৌরসভার ওয়ার্ড কমিশনার ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিফাত উল করিম দোলন নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ চরমপন্থি নেতা ও পৌর কমিশনার দোলনকে (৩৫) শুক্রবার সন্ধ্যায় খোকসার জনিপুরস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতার করতে রওনা হয়। জেলার গোপগ্রাম উত্তরপাড়া মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে দোলনের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে দোলন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।
বন্দুক যুদ্ধের সময় খোকসা থানার একজন এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু গুলি উদ্ধার করে।
নিহত দোলনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বেশকিছু মামলা রয়েছে।
পুলিশ জানায়, দোলন চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক নেতা টিক্কার সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
