রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ব্রিটিশ পুলিশের নজরদারি
পশ্চিম বঙ্গের গোয়েন্দা পুলিশ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কিত দু’ শতাধিক নথি, নমুনা এবং বেশ কিছু দু®প্রাপ্য ছবি রাজ্যের আর্কাইভসে হস্তান্তর করেছে। বঙ্গভঙ্গের একশ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে একমাস ব্যাপী এসব তথ্য, দলিল এবং দু®প্রাপ্য ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের যে বিশাল অপূর্ণতা ছিল তা এসব প্রদর্শনীর মধ্যে ফুটে উঠেছে। আর এর ফলে তৎকালীন ব্রিটিশ পুলিশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরদারি করার বিষয়টি আরও স্পষ্ট হল। ১৯০১-৩০ সাল সময় পর্যন্ত বিভিন্ন প্রমাণ ও নথিপত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
শান্তি নিকেতনের রবীন্দ্রনাথের অতিথিদের ওপর ব্রিটিশ পুলিশ নজরদারি করত। পশ্চিমবঙ্গ আর্র্কাইভের পরিচালক বাসুদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ঠাকুর কালীমোহন ঘোষের আমন্ত্রণেই শান্তিনিকেতন গিয়েছিলেন। সেখানে একটি সংগঠন স্বদেশী গানের চর্চা হত। এই মানুষটিও পুলিশের কড়া নজরদারিতে ছিলো। আর এ সময়কালেই ‘গুরুদেব’ কমপক্ষে ২৫টি স্বদেশী আন্দোলনের গান লেখেন । এসব গান ব্রিটিশদের জন্য যথেষ্ট বিপজ্জনক ও গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল।’
১৯০৫ সালে ভারতে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সমগ্র বাংলাকে মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা এবং হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলায় বিভক্ত অর্থাৎ বঙ্গভঙ্গ করেন। অনেকের মতে মূলত: এখান থেকেই দ্বিজাতিতত্ত্বের সূচনা হয়। ভারতের স্বনামধন্য ব্যক্তিরা এই ঘটনার প্রতিবাদ জানায়। আর মুসলমান ও হিন্দুরা হাতে হাত রেখে রাখি বন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়।
রাজ্য আর্কাইভ বিভাগের পরিচালক চট্টোপাধ্যায় আরও বলেন, ‘এসব তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে রবি ঠাকুর যখন কলকাতার টাউন হলে রাখি বন্ধন অনুষ্ঠানে যোগ দেন তখনও পুলিশ তাঁর কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল।’
এসব তথ্য প্রমাণ ইতিহাসবিদদের লর্ড কার্জন সম্পর্কে একটি নতুন ধারণা দেবে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর লর্ড কার্জনকে ‘খলনায়ক’ ভাবা হলেও গোয়েন্দা সংস্থা দলিলপত্রে তাকে একজন দক্ষ প্রশাসক হিসেবে চিহ্নিত করে।’
লেখক নিত্যপ্রিয়া ঘোষ বলেন, ‘আমরা সকলেই লর্ড কার্জনের খারাপ দিকগুলোর দিকে মনোযোগী হই। কিন্তু ওই সময়কালে তার লেখাগুলো থেকে আমরা ভিন্ন চিত্র পাই।’
গোয়েন্দা সংস্থার দলিলপত্রে স্বদেশী আন্দোলন বিশেষ করে লোকসাহিত্য, হ্যান্ডবিল, পোস্টার, ক্ষুদ্র পুস্তিকা এবং যাত্রাগানের মাধ্যমে স্থানীয় শহরগুলোতে ছড়িয়ে দেয়া হয়েছে তার বিবরণ তুলে ধরা হয়েছে।
