জাবির গ্রামীণফোন গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০ হাজার গ্রামীণফোন গ্রাহক নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত।
নেটওয়ার্ক সুবিধার জন্য জাবির প্রশাসনিক ভবনের ওপরে নির্মিত গ্রামীণফোনের টাওয়ারটি প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, টাওয়ারটি চালু হওয়ার তিন দিনের মাথায় জাবি কর্তৃপক্ষের কারণে বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক জসীম উদ্দিনের আমলে গ্রামীণফোন কর্তৃপক্ষ এটি স্থাপন করলেও তৎকালীন উপাচার্য বিষয়টি সিন্ডিকেটকে অবহিত করেননি। বর্তমান উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান এ অজুহাতে টাওয়ার চালুর তিনদিনের মাথায় তা বন্ধ করে দেন।
এদিকে, নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০ হাজার গ্রাহক টাওয়ারটি অবিলম্বে পুনরায় চালু করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান বলেন, সিন্ডিকেটকে পাশ কাটিয়ে গ্রামীণফোন টাওয়ার স্থাপন করায় আমরা তাদেরকে টাওয়ারটি সরিয়ে অন্যত্র স্থাপনের কথা বলেছি।
এদিকে গ্রামীণফোনের মহাব্যবস্থাপক সৈয়দ ইয়ামিন বখতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
