অপহৃত দুই বাঙালি শ্রমিককে মুক্তি না দিলে সোমবার থেকে বান্দরবানে কঠোর আন্দোলন
সন্ত্রাসীদের হাতে অপহৃত দুই বাঙালি শ্রমিককে রোববারের মধ্যে মুক্তি না দিলে বাঙালিদের সংগঠন ‘সম অধিকার আন্দোলন’ সোমবার থেকে বান্দরবানে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।
রোয়াংছড়ি উপজেলার ব্যাংছড়ি থেকে গত ১ এপ্রিল দুইজন বাঙালি শ্রমিককে অপহরণের প্রতিবাদে শুক্রবার বিকেলে বান্দরবান বাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সম অধিকার আন্দোলনের নেতা হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলা হয়, এই চুক্তির সুযোগ নিয়ে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি বাঙালিদের ওপর নির্যাতন চালাচ্ছে।
সভায় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনানিবাস প্রত্যাহার না করে তিনটি পার্বত্য জেলায় আরও তিনটি সেনানিবাস স্থাপনের দাবি জানানো হয়।
একটি সূত্র জানায়, অপহরণকারীদের সঙ্গে অপহৃতদের আত্মীয়-স্বজনদের একটি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। শুক্রবার রাত বা শনিবারের মধ্যে তাদের ছেড়ে দেয়া হবে।
তবে সরকারি সূত্র জানিয়েছে, অপহৃতদের উদ্ধারের ব্যাপারে কমপক্ষে দুই ডজন সেনা টহল দল তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। তারা সম্ভাব্য এলাকাগুলো ঘিরে রেখেছে। অপহৃতদের উদ্ধারের ব্যাপারে তারা আশাবাদী বলে জানিয়েছে।
