২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের মৃৎশিল্পীরা ঐতিহ্যবাহী পৈত্রিক পেশা ছেড়ে দিচ্ছে

পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী পেশা ছেড়ে দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে জেলার মৃৎশিল্পীদের মধ্যে। মাটির তৈরি বিভিন্ন দ্রব্যাদির চাহিদা ও আবেদন কমে যাওয়ার কারণেই তাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মৃৎশিল্পীরা অর্থাৎ কুমাররা জানায়, এ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক দ্রব্যাদিতে বাজার সয়লাব হয়ে যাওয়ার কারণে মাটির জিনিষপত্রের ওপর ক্রেতাদের নজর তেমন পড়ে না।

জানা গেছে, সিরাজগঞ্জের নয়টি উপজেলার ২০ হাজারেরও বেশি পরিবারের জীবন-জীবিকা মৃৎশিল্প-নির্ভর। কিন্তু এখন তাদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক।

অর্থনৈতিক দুরাবস্থা থাকা সত্ত্বেও উল্লাপাড়া, শাহজাদপুর এবং সদর উপজেলার বেশ কিছু কুমার পরিবার তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী এ পেশা এখনও ধরে রেখেছে।

বিডিনিউজের সংবাদদাতা সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় উল্লাপাড়া উপজেলার সোনাতলা এবং সদর উপজেলার রাধুনিবাড়ি-পালপাড়ার কুমারদের সাথে তাদের পেশা নিয়ে কথা বলেন।

কুমাররা জানায়, ঐতিহ্যবাহী কিছু মেলা এবং ধর্মীয় উৎসবের সময় ছাড়া প্রায় সারা বছরই তাদের বেকার বসে থাকতে হয়।

অবশ্য, এখনও গ্রামের কিছু লোক মাটির তৈরি তৈজসপত্র এবং গহনাপাতি পছন্দ করে।

আবার আধুনিক রুচিশীল মহিলাদের কাছে, মূল্যবান বিকল্প থাকা সত্ত্বেও, মাটির তৈরি গয়না বা তৈজসপত্রের কদর ধীরে ধীরে বাড়ছে। 

যাহোক, যদি দৃষ্টিনন্দন নকশাখচিত মৃৎপাত্র তৈরি করা যায় তাহলে দেশে, বিশেষ করে শহুরে এলাকায় এসবের কাটতি বাড়ানো সম্ভব।

পাল পাড়ার মৃৎশিল্পীরা বিডিনিউজকে জানায়, এ শিল্পের প্রয়োজনে যথাযথ সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে বিদেশের বাজারেও তারা জায়গা করে নিতে পারবে।

তারা আরও বলেন, সরকার এবং এনজিওগুলো যদি কুমারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে সাহায্য করে তাহলে তারা অর্থনৈতিক দুরাবস্থা থেকে মুক্তি পেতে পারে।

তাদের অভিমত: যথাযোগ্য পৃষ্ঠপোষকতা পেলে কুমাররা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী এ পেশাকে ধরে রাখতে পারবে, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সজীব রাখতে সক্ষম হবে।