২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কার’র প্রস্তাব সরকারকে মানতেই হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার’র প্রস্তাব সরকারকে মানতেই হবে। এ সংস্কার না করে তারা যাবে কোথায়? আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবোই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বৃহস্পতিবার বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার ধানমণ্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনে বিএনপি-জামাত জোট যেন ‘ভোট কারচুপি’ করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ সভানেত্রী দেশবাসীকে আগাম সতর্ক থাকতে পরামর্শ দেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার যে কোনো পরিকল্পনা প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগৈর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করিনা, বরং আওয়ামী লীগই ষড়যন্ত্রের শিকার।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনকেই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হিসেবে মনে করি।

এক মাসের বিদেশ সফর শেষে বুধবার মধ্যরাতে দেশে ফেরার পর শেখ হাসিনা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদ্রিদ, ম্যানিলা ও আমেরিকায় তার কর্মসূচি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা এতটাই চরমে পৌঁছেছে যে, তারা বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও পরিবারতন্ত্রের কারণে জনগণ তাদের নির্বাচিত করবে না। সে কারণেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। তারা কারচুপির নানা ষড়যন্ত্র করছে। 

শেখ হাসিনা বলেন, কিন্তু সরকারের এই অপকৌশল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ভোট চুরির যে কোনো পরিকল্পনা জনগণ প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, আমরা অচিরেই আন্দোলনরত দলগুলোর সঙ্গে কথা বলে ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের একটি সমন্বিত নীতিমালা জাতির সামনে উপস্থাপন করবো।

আওয়ামী লীগ সভানেত্রী তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিবেশিত সংবাদকে জোট সরকারের মিথ্যাচারের অংশ হিসেবে উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, জয়ের ছোট বেলায় প্রণব মুখার্জী তাকে দেখেছেন। জয়কে তিনি স্নেহ করতেন। তার সঙ্গে জয়ের সাক্ষাৎ কোনো অপরাধ নয়। কিন্তু এ ধরণের ঘটনা না ঘটার পরও সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচার করেছে।

তিনি বলেন, মিথ্যাবাদি জোট সরকার শাহ্ এএমএস কিবরিয়া হত্যার তদন্তে এফবিআই-কে জড়িয়েও মিথ্যাচার করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সিনেটরের চিঠির জবাবে মিথ্যাচারকে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারিত করেছে।

আওয়ামী লীগ সভানেত্রী তার বক্তব্যে উত্তরা ও বনানীতে প্লট বরাদ্দসহ দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলদারিত্ব, হত্যা-সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, দেশে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তখন সরকারি দল মানুষের দুর্ভোগ মোকাবেলার ব্যবস্থা না করে কোটি কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন সম্মেলনের নামে লুটপাটকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি বিদেশ গেলেই তার গা জ্বালা করে। বিদেশ গিয়ে আমি নাকি তার ভাবমূর্তি নষ্ট করি! কিন্তু তার (প্রধানমন্ত্রী) ভাবমূর্তির আছে কী?  

আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, এ্যাডভোকেট আব্দুল হামিদ, মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।