এক সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করলো ওসমানী মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকরা
দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা এক সপ্তাহের জন্য তাদের ধর্মঘট স্থগিত করেছে।
বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক ও বিএমএ নেতৃবৃন্দের সাথে ইন্টার্নি চিকিৎসকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এক সপ্তাহের মধ্যে তাদের দাবিসমূহ মেনে না নিলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা করেন।
উল্লেখ্য সোমবার রাতে আবুল খায়ের নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্নি চিকিৎসকরা অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয়। ৫৪ ঘন্টা ধর্মঘট পালনের পর বৃহস্পতিবার এক সপ্তাহের জন্য ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়।
