২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমা নাসরিনের শাস্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের শরণাপন্ন

শুধু বই নিষিদ্ধ নয়, এবার পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি অপরাধে তসলিমা নাসরিনের শাস্তির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পশ্চিমবঙ্গের আইনজীবী জেনারেল বলাই রায় কলকাতা হাইকোর্টে বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে তিন সদস্যের একটি ডিভিশন বেঞ্চে বৃহষ্পতিবার অভিযোগ করেছেন, তসলিমা নাসরিন তার আত্মজীবনীমূলক বই ‘দ্বিখণ্ডিত’র কয়েকটি পাতায় যা লিখেছেন তা শুধু আপত্তিকর নয়, ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মানুষের বিশ্বাসে আঘাত করা ফৌজদারি অপরাধ।

আগামী ১৯ এপ্রিল কলকাতা হাইকোর্টে ওই ডিভিশন বেঞ্চে মামলাটি আবার উত্থাপিত হবে।

‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার মামলায় প্রতিটি শুনানি পর্বে তসলিমা আদালতে হাজির থাকলেও এই প্রথম তিনি আদালত চত্তরে উপস্থিত হননি। মোবাইল ফোনেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

তসলিমার আইনজীবী জয়মাল্য বাগচীর উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল বলাই রায় আদালতকে জানান, তিনি শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত করেছেন তাই নয়, কোরান বা হাদিসের যে উদ্ধৃতি দিয়েছেন তা কোথা থেকে নেওয়া জানাননি।

অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেন, উপস্থাপনাকে অস্ত্র হিসেবে প্রয়োগ করেছেন তসলিমা। শব্দচয়ন, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি প্রায় প্রতিটি ক্ষেত্রে তসলিমা শালীনতার গণ্ডি ছাড়িয়ে গেছেন।

এদিকে তসলিমার আইনজীবীর বক্তব্য হচ্ছে, ‘উতল হাওয়া’তে মৌলবাদী সম্পর্কে যা বলা হয়েছে তা ১৯৯৫ সালে প্রকাশিত হলেও কেউ সে ব্যাপারে আপত্তি জানায়নি। সেই একই বক্তব্য ‘দ্বিখণ্ডিত’এ দেওয়া হয়েছে, অথচ তা নিয়ে অহেতুক, রাজনৈতিক কারণে হৈচৈ করা হচ্ছে।